একসঙ্গে ৩ মামলায় বড় স্বস্তি! হাইকোর্টে ফের অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
তিনটি মামলা ধরলে এখনও পর্যন্ত মোট আটটি মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন অভিষেক
Truth of Bengal: আরও তিনটি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট। ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর ও রবীন্দ্রনগর থানায় দায়ের হওয়া মামলাগুলির ভিত্তিতে আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দেন। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই সুরক্ষা বহাল থাকবে।এই তিনটি মামলা ধরলে এখনও পর্যন্ত মোট আটটি মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন অভিষেক। তাঁর বিরুদ্ধে বর্তমানে মোট ১৬টি এফআইআর রয়েছে বলে জানা গিয়েছে। ফলে আরও আটটি মামলায় এখনও আদালতের সুরক্ষা মেলেনি।২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই অভিষেকের বিরুদ্ধে একের পর এক পুরনো অভিযোগ সামনে এসেছে। নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য পরিষেবা চালু করেছিলেন তিনি। সেই উদ্যোগকে ঘিরেও দুর্নীতির অভিযোগ উঠেছে। পাশাপাশি জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগও রয়েছে।
এই অভিযোগগুলির ভিত্তিতে বিষ্ণুপুর থানায় দুটি এবং রবীন্দ্রনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। শুক্রবার সেই তিন মামলাতেই আপাতত অভিষেকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। অভিষেক ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন। যে আটটি মামলায় এখনও রক্ষাকবচ মেলেনি, সেগুলির শুনানি আগামী ২৫ অগস্ট হওয়ার কথা। অন্যদিকে শুক্রবার যে তিনটি মামলায় সুরক্ষা দেওয়া হয়েছে, সেগুলির পরবর্তী শুনানি ধার্য হয়েছে ৭ সেপ্টেম্বর। অভিষেকের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাঁর বিরুদ্ধে ধারাবাহিকভাবে মামলা দায়ের করা হচ্ছে। যদিও অভিযোগকারীদের বক্তব্য, তৃণমূল ক্ষমতায় থাকার সময় এই বিষয়গুলি নিয়ে প্রকাশ্যে অভিযোগ করার পরিবেশ ছিল না। সরকার বদলের পর তাঁরা পুরনো অভিযোগ নিয়ে সামনে আসতে পারছেন।
এর মধ্যেই চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেয়েছেন অভিষেক। সুপ্রিম কোর্ট তাঁকে শর্তসাপেক্ষে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে। তবে তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া নিয়ে আলাদা আইনি জটিলতা তৈরি হয়েছে।সেই পরিস্থিতির মধ্যেই আরও তিনটি মামলায় কলকাতা হাই কোর্টের অন্তর্বর্তী রক্ষাকবচ আপাতত কিছুটা স্বস্তি দিল তৃণমূল সাংসদকে।






