বয়কটের দাবি উঠলেও ভারতের বিরুদ্ধে কলকাতায় ম্যাচ খেলতে অনড় ব্রাজিল
বিশ্বকাপের ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে দেশের মাটিতে খেলার সুযোগ ভারতীয় ফুটবলে বিরল।
Truth of Bengal: ভারতের ফুটবলপ্রেমীদের জন্য বহু প্রতীক্ষিত সেই ম্যাচ ঘিরে তৈরি হওয়া বিতর্কে আপাতত নড়ছে না ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা বদলাচ্ছে না ব্রাজিল ফুটবল কনফেডারেশন। সংস্থাটির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ভারতে ম্যাচ বয়কটের যে দাবি উঠেছে, তাতে ব্রাজিলের সিদ্ধান্তে কোনও পরিবর্তন আসেনি।
বিশ্বকাপের ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে দেশের মাটিতে খেলার সুযোগ ভারতীয় ফুটবলে বিরল। তাই ম্যাচটি ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। তবে বিপুল অর্থ খরচ করে এমন প্রদর্শনী ম্যাচ আয়োজনের পরিবর্তে সেই অর্থ দীর্ঘমেয়াদি ফুটবল উন্নয়ন, তৃণমূল পর্যায়ের পরিকাঠামো এবং ক্রীড়া ব্যবস্থায় ব্যয় করার দাবি উঠেছে। এই দাবিতে সরব হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়াও।
বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধিদল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠ পরিদর্শন করে। মাঠে ঘাসের ঘনত্ব কম এবং খেলোয়াড়দের চোটের ঝুঁকি এড়াতে দ্রুত কাজ প্রয়োজন বলে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল। তবে ব্রাজিলের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠ নিয়ে দেওয়া পর্যবেক্ষণ ছিল নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা। মাঠের বর্তমান পরিস্থিতি ম্যাচের সূচিতে কোনও প্রভাব ফেলবে না।
বয়কটের দাবিকেও গুরুত্ব দিচ্ছে না ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। তাদের মতে, ভারতে ওঠা এই প্রতিক্রিয়ার পেছনে স্থানীয় রাজনীতির প্রভাব থাকতে পারে। ভারত ব্রাজিলের ম্যাচ আয়োজনের জন্য উদ্বোধনী ফিফা-আসিয়ান কাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে— এমন বিষয়েও ব্রাজিলের পক্ষ থেকে বলা হয়েছে, এ নিয়ে তারা আগে অবগত ছিল না।
ব্রাজিলের জাতীয় দলের সমন্বয়ক রদ্রিগো কায়েতানো জানিয়েছেন, ভারত সফরের সঙ্গে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতার বিষয়টিও জড়িয়ে রয়েছে। বিশ্বকাপের সময় ব্রাজিলের প্রতি ভারতীয় সমর্থকদের ভালবাসা ও সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেছেন, সেই ভালবাসার প্রতিদান হিসাবেই ভারতে গিয়ে ভাল পারফরম্যান্স উপহার দিতে চায় দল।
অক্টোবরের আন্তর্জাতিক সূচিতে ভারত মোট ৩টি প্রীতি ম্যাচ খেলতে পারে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি নিশ্চিত। দ্বিতীয় প্রতিপক্ষ হিসাবে কেপ ভার্দেকে বিবেচনা করা হচ্ছে, আর তৃতীয় দলের নাম এখনও চূড়ান্ত হয়নি।





