নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তি প্রস্তর স্থাপনে মুখ্যমন্ত্রী
প্রকল্পের নকশা অনুযায়ী, দুর্গাঙ্গনের মূল প্রবেশদ্বারটি মন্দিরের আদলে নির্মিত হবে।
Truth Of Bengal: নিউটাউনে দুর্গাপুজোর স্থায়ী সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলতে চলেছে রাজ্য সরকার। সোমবার নিউটাউন বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে, অ্যাকশন এরিয়া–ওয়ানে প্রায় ১৭ একরেরও বেশি জমিতে ‘দুর্গাঙ্গন’-এর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পে আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ২৬২ কোটি টাকা। দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের দায়িত্বে থাকা রাজ্য সরকারের সংস্থা হিডকোই দুর্গাঙ্গন নির্মাণের দায়িত্ব পেয়েছে। প্রশাসনিক কর্তাদের মতে, সম্পূর্ণ হয়ে উঠলে দুর্গাঙ্গন শুধুমাত্র ধর্মীয় স্থাপনা নয়, রাজ্যের অন্যতম বড় পর্যটন ও সাংস্কৃতিক আকর্ষণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে।
প্রকল্পের নকশা অনুযায়ী, দুর্গাঙ্গনের মূল প্রবেশদ্বারটি মন্দিরের আদলে নির্মিত হবে। সেখান থেকে দু’দিকে বিস্তৃত সবুজ ঘাসের চাদরের মধ্য দিয়ে মার্বেলের রাস্তা গিয়ে মিশবে মূল মন্দিরের প্রবেশপথে। রাজ্য প্রশাসনের দাবি, বাংলার শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিক বিকাশের কথা মাথায় রেখেই এই স্থাপনার পরিকল্পনা করা হয়েছে। দুর্গাঙ্গনে শিল্পকলা প্রদর্শন, ঐতিহ্যচর্চা ও নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য পৃথক পরিকাঠামো গড়ে তোলা হবে।
ইউনেস্কো ২০২১ সালে বাংলার দুর্গাপুজোকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর, সেই আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় দুর্গাঙ্গন রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন মাত্রা যোগ করবে।





