কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ছুঁড়ি নিয়ে হামলার অভিযোগ! কে এই রহস্যময়ী তরুণী?
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়
Truth of Bengal: কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠল। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুজোর উদ্বোধনে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরনোর সময় তৃণমূল নেত্রীর দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন এক তরুণী। এমনকী, তাঁর শাড়ি ধরে টান দেওয়ার অভিযোগও উঠেছে। ওই তরুণীর কাছ থেকে একটি ছুরি উদ্ধার হয়েছে বলেও দাবি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে তাঁকে আটক করে কালীঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, দিল্লির কর্মসূচি সেরে সোমবারই কালীঘাটের বাড়িতে ফিরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির কাছেই কালীঘাট মিলন সংঘের দুর্গাপুজোর উদ্বোধনে যাওয়ার কথা ছিল তাঁর। সেই উপলক্ষে বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীরা। অভিযোগ, সেই সময় নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নি পরিচয় দিয়ে বাড়ির দরজার কাছে পৌঁছে যান এক অজ্ঞাতপরিচয় তরুণী।
মমতা বাড়ি থেকে বেরতেই ওই তরুণী তাঁর দিকে এগিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন বলে অভিযোগ। আচমকা এই ঘটনায় প্রথমে উপস্থিত লোকজন হতচকিত হয়ে পড়লেও দ্রুত তাঁকে আটকানোর চেষ্টা করেন। অভিযোগ, এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ি ধরে টান দেন ওই তরুণী। পরে উপস্থিত ব্যক্তিরা তাঁকে ধরে মাটিতে ফেলে দেন। ফলে বড় কোনও বিপদ এড়ানো সম্ভব হয় বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ঘটনার পরই খবর দেওয়া হয় কালীঘাট থানায়। ওই তরুণীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তাঁর পরিচয়, উদ্দেশ্য এবং কীভাবে তিনি ছুরি নিয়ে সেখানে পৌঁছলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে ওই তরুণী সিভিক ভলান্টিয়ার বলে দাবি করা হলেও, তাঁর পরিচয় ও অন্যান্য তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। মাদকাসক্তির অভিযোগও উঠেছে, তবে সেই বিষয়েও নিশ্চিত তথ্য সামনে আসেনি।
এদিকে, ঘটনার পরেও নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কালীঘাট মিলন সংঘের পুজো উদ্বোধনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কালীঘাটের তৃণমূল নেতৃত্ব। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন তাঁরা। তৃণমূল নেত্রী দোলা সেনও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় জেড প্লাস নিরাপত্তা পেতেন। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন এসেছে। এই পরিস্থিতিতে বাড়ির সামনে এমন ঘটনা ঘটার অভিযোগ ঘিরে নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে। তবে গোটা ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্তের দিকেই নজর রয়েছে।





