কলকাতা

গ্রেফতারের মাত্র ৩ দিনেই বড় স্বস্তি! এনআইএ আদালতে শর্তসাপেক্ষে জামিন পেলেন সাকির আলি

সাকির আলিকে নিয়মিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দিতে হবে

Truth of Bengal: মাত্র তিনদিনের মধ্যেই সাম্প্রদায়িক অশান্তি মামলায় স্বস্তি পেলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী তথা কাউন্সিলর সাকির আলি। শুক্রবার এনআইএ আদালত তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে বলে জানা গিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, সাকির আলিকে নিয়মিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দিতে হবে। পাশাপাশি রাজ্যের বাইরে যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে। আপাতত এই ধরনের কয়েকটি শর্ত মেনেই তাঁর জামিন মঞ্জুর হয়েছে।

গত মঙ্গলবার সাম্প্রদায়িক অশান্তিতে উসকানির অভিযোগে সাকির আলিকে গ্রেপ্তার করে এনআইএ। তাঁকে নিয়ে যাওয়ার সময় এলাকায় উত্তেজনা তৈরি হয়। তদন্তকারীদের বাধা দিতে স্থানীয় বাসিন্দাদের একাংশ রাস্তায় নেমে পড়েন বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।

স্থানীয়দের দাবি, সাকির আলির বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তাঁদের বক্তব্য, যে সাম্প্রদায়িক অশান্তির ঘটনায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে, সেখানে তিনি উসকানি দেননি। বরং দাঙ্গা পরিস্থিতি থেকে এলাকাবাসীকে রক্ষা করার চেষ্টা করেছিলেন বলে দাবি করেন স্থানীয়রা।