পার্ক সার্কাসে পুলিশের মেগা অ্যাকশন! মাঝরাতে চিরুনি তল্লাশিতে ধৃত ৩৮
পার্ক সার্কাস কাণ্ডে উস্কানিদাতাদের ‘বুলডোজার’ হুঁশিয়ারি দিলীপ ঘোষের
Truth of Bengal: নতুন সরকারের বুলডোজার অ্যাকশন-সহ একাধিক প্রশাসনিক সিদ্ধান্তের বিরোধিতাকে কেন্দ্র করে রবিবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কলকাতার পার্ক সার্কাস মোড়। একদল বিক্ষোভকারীর ছোঁড়া ইটের আঘাতে রক্তাক্ত হতে হয়েছিল ৩ জন পুলিশকর্মীকে। ভাঙচুর চালানো হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর বাসেও। সেই ঘটনার রেশ ধরে সোমবার সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং।
থিকথিক করছে পুলিশ, তৈরি জলকামান
লালবাজার সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কোনো রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। সোমবার সকাল থেকেই পার্ক সার্কাস এবং লাগোয়া এজেসি বোস রোড কানেক্টরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। টহল দিচ্ছে ব়্যাপিড অ্যাকশন ফোর্স বা ব়্যাফ। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় অন স্পট রাখা হয়েছে জলকামানও। তবে সপ্তাহের প্রথম কাজের দিন হওয়ায় নিত্যযাত্রীদের সুবিধার্থে যানচলাচল স্বাভাবিক রাখা হয়েছে এবং স্থানীয় দোকানপাটও খুলেছে।
মাঝরাতে ধরপাকড়, ধৃত ৩৮
রবিবার দুপুরে বিক্ষোভকারীদের হঠাতে পুলিশকে পাল্টা লাঠিচার্জ করতে হয়েছিল। এরপর রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পার্ক সার্কাস ও বেনিয়াপুকুর থানা এলাকার বিভিন্ন প্রান্তে চিরুনি তল্লাশি চালায় পুলিশ। তাতেই নতুন করে আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, যার ফলে এই ঘটনায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, সিসিটিভি (CCTV) এবং ড্রোন ফুটেজ দেখে অন্যান্য অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। খুব দ্রুতই ধৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
উস্কানিদাতাদের হুঁশিয়ারি দিলীপ ঘোষের
কলকাতা সচল রাখার বার্তা দিয়ে এই হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা করেছেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “একটি নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কলকাতার শান্তি বিঘ্নিত করার চেষ্টা চলছে। ইচ্ছা করে সরকারি সম্পত্তি ভাঙচুর ও বিক্ষোভকারীদের উস্কানি দেওয়া হচ্ছে। পুলিশকে ‘ফ্রি হ্যান্ড’ দেওয়া হয়েছে। যারা এর পেছনে রয়েছে, তারা যে দলেরই হোক বা যে ধর্মেরই হোক, কাউকে রেয়াত করা হবে না। আইন নিজের কড়া পথেই চলবে।” সরকারের এই অনমনীয় মনোভাবের পর পার্ক সার্কাস কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন কোনও বড় পদক্ষেপ নেয় কি না, এখন সেটাই দেখার।






