ভিডিও-সেলফিতে নিষেধাজ্ঞা, মোবাইল ব্যবহারেও ‘না’! রেড রোডের প্যারেডে পুলিশকে কড়া নির্দেশ লালবাজারের
দর্শকের মতো আচরণ করলেই নেওয়া হবে অ্যাকশন! রেড রোডে কুচকাওয়াজে নজিরবিহীন কড়াকড়ি পুলিশের
Truth of Bengal: “মনে রাখবেন, আপনারা দর্শকমণ্ডলী নন। দায়িত্ব পালন করতে এসেছেন। মোবাইলের পর্দায় চোখ রাখা চলবে না, তীক্ষ্ণ নজর রাখতে হবে আশপাশের প্রতিটি মানুষের চলাফেরার ওপর!”, স্বাধীনতা দিবসের ঠিক মুখেই রেড রোডের কুচকাওয়াজে কর্তব্যরত পুলিশকর্মী ও আধিকারিকদের অত্যন্ত কড়া ভাষায় এই বার্তা দিলেন লালবাজারের শীর্ষ পুলিশকর্তারা। শনিবার ৭৯তম স্বাধীনতা দিবসের সকালে রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজভবন ও প্রশাসনিক স্তরের বহু ভিভিআইপি ও ভিআইপি ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে। তবে সম্প্রতি কলকাতার উপকণ্ঠ এলাকা থেকে পর পর পাক চর ও একাধিক জঙ্গি সংগঠনের সদস্য গ্রেফতার হওয়ায় সামগ্রিক নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা জারি করেছে গোয়েন্দা দপ্তর।
গোয়েন্দা সূত্রের খবর, স্বাধীনতা দিবসের এই মহাসমারোহকে কোনও দেশবিরোধী বা জঙ্গি সংগঠন নিশানায় পরিণত করতে পারে, এমন আশঙ্কা কোনওভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে লালবাজার থেকে প্রতিটি থানার ওসি ও ট্রাফিক গার্ডের প্রধানদের মাধ্যমে স্পষ্ট নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে। বিগত বছরগুলিতে দেখা গিয়েছিল, ডিউটিতে থাকা অবস্থাতেই একাধিক পুলিশকর্মী মোবাইল ঘাঁটাঘাঁটি, ছবি তোলা, সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট বা সাধারণ দর্শকদের মতো সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়তেন। এবার সেই সুযোগ একদমই থাকছে না।
লালবাজারের নির্দেশিকায় সাফ বলা হয়েছে, রেড রোডে ডিউটির সময় কোনও পুলিশকর্মী বা আধিকারিক দর্শকদের মতো মেজাজে থাকতে পারবেন না। মূল লক্ষ্য হবে নিখুঁত নজরদারি ও আইনশৃঙ্খলা বজায় রাখা। আশপাশের সাধারণ মানুষ ও বহিরাগত দর্শকদের প্রতিটি নড়াচড়ার ওপর সার্বক্ষণিক নজর রাখতে হবে।
তাছাড়া কুচকাওয়াজ শেষে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে নেমে তাঁর নির্ধারিত পরবর্তী মাল্যদান কর্মসূচির উদ্দেশ্যে রওনা হন। অনেক সময় দেখা যায়, মুখ্যমন্ত্রীর গাড়ি বেরিয়ে যাওয়া মাত্রই দর্শকরা রেড রোডের ওপর নেমে আসেন। এবার লালবাজার নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী অনুষ্ঠানস্থল ছেড়ে পরবর্তী কর্মসূচির শেষ বিন্দুতে পৌঁছানো না পর্যন্ত কোনও দর্শককেই মূল রেড রোডে নামতে দেওয়া চলবে না। নিরাপত্তার এই নতুন ফতোয়া কার্যকর করতে রেড রোড জুড়ে মোতায়েন থাকবে বিশেষ নজরদারি দল।






