কলকাতা

নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ৯ মৃত্যুতে বিস্ফোরক অগ্নিমিত্রা! সিইএসসি ও তৃণমূলকে তোপ নগরোন্নয়ন মন্ত্রীর

ঘটনার পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, কলকাতা পুরসভার আওতাধীন সমস্ত হোটেলের অগ্নিসুরক্ষা ও বৈধতা খতিয়ে দেখতে দ্রুত অডিট করা হবে

Truth of Bengal: কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে মধ্যরাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর থেকে হোটেলের একাধিক অব্যবস্থা ও সুরক্ষাবিধির চরম লঙ্ঘনের ছবি সামনে আসছে। বহুতলটিতে নিয়মনীতির তোয়াক্কা না করে একাধিক হোটেল চালানো হচ্ছিল বলে অভিযোগ। সেখানে ছিল অগুনতি ঘুপচি ঘর এবং অনিয়ন্ত্রিতভাবে চালানো হতো প্রচুর এসি। প্রাথমিক তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও দেশের অন্যান্য রাজ্য থেকে আসা পর্যটকরাই মূলত এই হোটেলগুলিতে উঠতেন। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায় এবং দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী। পরিস্থিতি খতিয়ে দেখার পর ক্ষোভ উগরে দেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।

এত ঘনবসতিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ বহুতলে বিপুল সংখ্যক এসি ও বিদ্যুৎ সংযোগের অনুমতি সিইএসসি কীভাবে দিল, তা নিয়ে সরাসরি আঙুল তুলেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পূর্বতন তৃণমূল বোর্ডের আমলে কলকাতা পুরসভা কীভাবে ট্রেড লাইসেন্স মঞ্জুর করল এবং দমকল দপ্তর থেকেই বা কীভাবে এনওসি দেওয়া হলো, তা নিয়ে তীব্র সমালোচনা করেন মন্ত্রীরা। তৃণমূলের শাসনকালের দুর্নীতি ও বেনিয়মকেই এই পরিস্থিতির জন্য দায়ী করা হয়।

ঘটনার পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, কলকাতা পুরসভার আওতাধীন সমস্ত হোটেলের অগ্নিসুরক্ষা ও বৈধতা খতিয়ে দেখতে দ্রুত অডিট করা হবে। রাজ্যের দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী জানান, কীভাবে এই হোটেলগুলি ট্রেড লাইসেন্স ও অনুমতি পেয়েছিল তা খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হবে। দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনি পদক্ষেপ।

Related Articles