কলকাতা

বরানগরে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত দুই স্কুলপড়ুয়ার

ঘাতক লরিটিকে আটক করার পাশাপাশি চালককেও গ্রেফতার করা হয়েছে।

Truth Of Bengal: শনিবার সকালে বরানগরে ঘটে গেল এক অত্যন্ত মর্মান্তিক পথ দুর্ঘটনা। বিটি রোডের অনন্যা সিনেমা হল সংলগ্ন এলাকায় লরির মুখোমুখি ধাক্কায় প্রাণ হারাল দুই ভাই। তারা দু’জনেই বরানগরের খালসা মডেল স্কুলের পড়াশোনা করত। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের বাবা অভিষেক সাউ। বর্তমানে তিনি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। একই সঙ্গে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে অভিষেক সাউ তাঁর দুই সন্তান—আরাধ্য সাউ এবং আরভ সাউকে নিয়ে স্কুটারে করে যাচ্ছিলেন। বিটি রোড দিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে স্টোনচিপস জমানো ছিল। অভিযোগ, সেই স্টোনচিপস এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়েই স্কুটারটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। ঠিক তখনই উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী লরির সঙ্গে স্কুটারটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় দুই ভাই স্কুটার থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, শিশুদের পরনে রেইনকোট থাকলেও মাথায় হেলমেট ছিল না। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই খুদে পড়ুয়ার।

ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং বরানগর থানায় খবর দেওয়া হয়। তবে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিটি রোডের একটা বড় অংশে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বরানগর থানার পুলিশ।

পুলিশ দুই পড়ুয়ার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং আহত অভিষেক সাউকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক লরিটিকে আটক করার পাশাপাশি চালককেও গ্রেফতার করা হয়েছে।

Related Articles