কলকাতা

আকাশ থাকবে প্রধানত পরিষ্কার, সপ্তাহান্তে ফিরবে হালকা বৃষ্টি

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের কারণে গরম অনুভূত হবে।

Truth Of Bengal: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপ তার অভিমুখ পরিবর্তন করে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গিয়েছে। ইতিমধ্যেই তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে তামিলনাড়ু উপকূল হয়ে পুদুচেরী উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। তবে এই নিম্নচাপের কারণে বাংলায় কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস।

বৃহস্পতিবার ভাইফোঁটার দিন রাজ্যের আবহাওয়ায় তেমন কোনও পরিবর্তন হবে না। সেদিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আকাশ প্রধানত পরিষ্কার থাকবে এবং সকালে কিছু জেলায় হালকা কুয়াশা দেখা যেতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের কারণে গরম অনুভূত হবে। সন্ধ্যার পরে আবহাওয়া অপেক্ষাকৃত মনোরম থাকবে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে শুক্রবার থেকে হাওয়ার দিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে বৃহস্পতিবার তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে সপ্তাহের শেষের দিকে সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার থেকে পার্বত্য এলাকায় বৃষ্টি শুরু হতে পারে। শনিবার, রবিবার এবং সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতায় বৃহস্পতিবার শুষ্ক ও মূলত পরিষ্কার আবহাওয়া বিরাজ করবে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Related Articles