কলকাতা

চিকিৎসায় বিদেশযাত্রার আগেই ধাক্কা! অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাই কোর্টে ব্যাঙ্ককে রিপোর্ট তলব

তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ হয়ে যাওয়ায় নতুন আইনি জটিলতা তৈরি হয়

Truth of Bengal: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেল কলকাতা হাই কোর্টে। বুধবার মামলাটি শোনার কথা থাকলেও তা হয়নি। বিচারপতি কৃষ্ণা রাও ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ওই দিনই ফের মামলাটি শুনবে হাই কোর্ট। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে পেয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শর্তসাপেক্ষে সেই অনুমতি মেলার মধ্যেই তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ হয়ে যাওয়ায় নতুন আইনি জটিলতা তৈরি হয়।

সোমবার এই বিষয়টি নিয়ে বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তাঁর দাবি, কেন তাঁর মক্কেলের ব্যক্তিগত অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে, সে বিষয়ে ব্যাঙ্কের তরফে কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি। আদালতে অভিষেকের আইনজীবী আরও দাবি করেন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ নম্বর ধারায় নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করেই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে। তাঁর বক্তব্য, ওই ধারা অনুযায়ী পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানাতে হয়। কিন্তু এ ক্ষেত্রে সেই প্রক্রিয়া মানা হয়নি বলেই অভিযোগ। শুনানির সময় বিচারপতি জানতে চান, বর্তমানে অভিষেকের বিরুদ্ধে কোনও মামলা চলছে কি না। জবাবে তাঁর আইনজীবী জানান, আদালতের নির্দেশ অনুযায়ী অভিষেক তদন্তে সহযোগিতা করছেন। তবে সেই মামলার সঙ্গে তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার কোনও যোগ নেই বলে দাবি করেন তিনি।

এরপর বিচারপতি মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ দেন। বুধবার শুনানির কথা থাকলেও তা পিছিয়ে গিয়ে বৃহস্পতিবার ধার্য হয়েছে। তার আগে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে অ্যাকাউন্ট ফ্রিজের কারণ এবং সংশ্লিষ্ট তথ্য আদালতে রিপোর্ট আকারে জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চেয়ে এর আগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তাঁর বিরুদ্ধে রাজ্যে একাধিক মামলা বিচারাধীন থাকায় আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না—এই পরিস্থিতিতেই তিনি বিদেশযাত্রার আবেদন করেছিলেন।

প্রথমে হাই কোর্ট বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলে এবং কলকাতার হাসপাতালেই চিকিৎসার বিকল্পের কথা বলে। পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। একাধিক দফার আইনি টানাপড়েনের পর শীর্ষ আদালত তাঁকে শর্তসাপেক্ষে বিদেশে যাওয়ার অনুমতি দেয়। এবার বিদেশযাত্রার আগে ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়াকে কেন্দ্র করে নতুন করে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। বৃহস্পতিবার ব্যাঙ্কের রিপোর্টের পর মামলাটি কোন দিকে এগোয়, সেদিকেই নজর থাকবে।

Related Articles