নিউ টাউন প্রকৃতিবান্ধব সমিতির পঞ্চম বর্ষের পুজো, পেল বিশেষ পুরস্কার
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, সরকারি বিজ্ঞাপন প্রচার এবং পরিবেশ রক্ষার উদ্যোগকে সম্মান জানিয়ে NKDA পুরস্কার প্রদান করেছে।
Truth Of Bengal: নিউ টাউন প্রকৃতিবান্ধব সমিতির এবারের দুর্গোৎসবের থিম – সাবেকিয়ানার আবহে আন্তরিকতা। সমিতির দাবি, পুজোর চাকচিক্যে ভক্তির আন্তরিকতা হারিয়ে যায়, আর তাই তাঁরা গুরুত্ব দেন ঘরোয়া পরিবেশ, আচার-আচরণ ও শিষ্টাচারের ওপর।
ক্লাবের সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সমিতির লক্ষ্য সবার মন জয় করে মা শৈলসুতার আরাধনায় ব্রতী হওয়া। বিশেষ আকর্ষণ হিসেবে মহানবমীতে অনুষ্ঠিত হয় কুমারী পুজো। নারীশক্তির ক্ষমতায়নের বার্তা দিতেই এই উদ্যোগ, যা প্রতি বছর ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির বিশিষ্ট মহারাজ দ্বারা উদ্বোধিত ও সম্পন্ন হয়।

এই প্রথম প্রকৃতি বান্ধব সমিতি পুরস্কৃত হল তাও আবার NKDA-এর পুরস্কারে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, সরকারি বিজ্ঞাপন প্রচার এবং পরিবেশ রক্ষার উদ্যোগকে সম্মান জানিয়ে NKDA এই পুরস্কার প্রদান করেছে।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাফল্যের আনন্দ শুধু সদস্য-সদস্যাই নয়, এলাকার মানুষের সঙ্গে ভাগ করে নিতে চান তাঁরা। NKDA-কে সমিতির তরফে জানানো হয়েছে আন্তরিক কৃতজ্ঞতা।






