বিনোদন

‘কেউ ধর্ম পরিবর্তন করেননি, ‘লভ জিহাদ’ ইস্যুতে মুখ খুললেন আমির খান

আমিরের বক্তব্য, তাঁর কাছে কোনও সম্পর্কের ভিত্তি কখনও ধর্ম নয়।

Truth of Bengal: তৃতীয় বিয়ে ঘিরে ‘লভ জিহাদ’ বিতর্কের মাঝেই প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন বলিউড অভিনেতা আমির খান। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, তাঁর কোনও স্ত্রীই ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তাঁদের বিয়ে হয়েছে বিশেষ বিবাহ আইনের আওতায়, যেখানে ধর্মের কোনও ভূমিকা নেই বলেই দাবি অভিনেতার। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, “গৌরী, কিরণ বা রিনা— কেউই নিজেদের ধর্ম পরিবর্তন করেননি। আমাদের বিয়ে হয়েছিল সিভিল ম্যারেজের মাধ্যমে। গৌরী হিন্দুও নন, তিনি খ্রিস্টান। তবে তিনি বিশেষভাবে কোনও ধর্মীয় আচারও পালন করেন না।” এই বিতর্ক প্রসঙ্গে শ্লেষের সুরে অভিনেতা আরও বলেন, “সময়ের সঙ্গে সঙ্গে জীবনটা যেন আরও হাস্যকর হয়ে উঠছে।”

আমিরের বক্তব্য, তাঁর কাছে কোনও সম্পর্কের ভিত্তি কখনও ধর্ম নয়। বরং পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং ব্যক্তিগত সিদ্ধান্তই সম্পর্কের মূল ভিত্তি। তাই ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে, তা তাঁর কাছে অযৌক্তিক বলেই মনে হয়। অভিনেতা আরও জানান, তাঁদের পরিবারে আন্তঃধর্মীয় বিয়ে নতুন কোনও বিষয় নয়। তাঁর দুই বোনের বিয়ে হয়েছে হিন্দু পরিবারে। মেয়েও বিয়ে করেছেন এক হিন্দু যুবককে। আবার তাঁর খুড়তুতো ভাই মনসুর খানের স্ত্রী খ্রিস্টান। তাই ধর্মের ভিত্তিতে সম্পর্ককে বিচার করার প্রবণতা তাঁদের পারিবারিক সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেই মত তাঁর।

তবে বিতর্ক থামেনি। উত্তরপ্রদেশের মুসলিম পার্সোনাল দারুল ইফতার শাহী-এর চিফ মুফতি মওলানা চৌধুরী ইব্রাহিম হুসেনের নামে একটি ফতোয়া জারির খবর সামনে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, কোনও মুসলিম পুরুষ অন্য ধর্মের নারীকে বিয়ে করলে সেই নারীকে ইসলাম ধর্ম গ্রহণ করা উচিত। অন্যদিকে, মহারাষ্ট্রের মন্ত্রী তথা বিজেপি নেতা নীতেশ রাণেও আমিরের বিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, জনপ্রিয় ব্যক্তিত্বদের ব্যক্তিগত সিদ্ধান্ত সমাজে কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে ভাবা প্রয়োজন। একই সঙ্গে তিনি এই বিয়েকে ‘লভ জিহাদ’-এর প্রেক্ষিতে দেখার প্রশ্নও তুলেছেন।

উল্লেখ্য, গত ৫ জুলাই মুম্বইয়ের পালি হিলের বাসভবনে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। এর আগে ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। ২০০২ সালে সেই দাম্পত্যের ইতি ঘটে। পরে ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হলেও ছেলে আজাদের যৌথ অভিভাবকত্বের দায়িত্ব এখনও একসঙ্গেই পালন করছেন দু’জনে।

Related Articles