রাজ্যের খবর

বনভোজনের থালা থেকে নিরাপদ আশ্রয়! বাগনানে ১৫ কেজির বিরল ‘ময়ূরী কচ্ছপ’ বাঁচালেন পরিবেশ কর্মীরা

খবর পেয়েই দীপঙ্কর বাবু পরিবেশ কর্মী সঞ্জয় রায়কে সঙ্গে নিয়ে ওই এলাকায় এসে পৌঁছন।

Truth Of Bengal: বৃহদাকার ‘ময়ূরী কচ্ছপ’ (Peacock Soft shell Turtle) উদ্ধার করলেন পরিবেশ কর্মীরা। এরপর তা ছেড়ে দেওয়া হল স্বাভাবিক পরিবেশে। জানা গেছে, হাওড়ার বাগনান থানা এলাকার বাকসীহাট গ্রাম পঞ্চায়েত এলাকার ভোলসার গ্রাম থেকে উদ্ধার হয় এই কচ্ছপটি। সেটি আকারে ছিল যথেষ্ট বড়ো ও ওজন ছিল প্রায় ১৫ কেজির মতো।

জানা যায়, সেটি প্রথমে ‘বনভোজন’ করে খাওয়ার পরিকল্পনা করেন কয়েকজন। স্থানীয় সূত্রে সেই খবর পান বাগনানের গদি বাগুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় প্রামাণিক। তিনি সঙ্গে সঙ্গে খবর দেন শিক্ষক কল্লোল সেনকে। কল্লোল বাবু হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের ‘আমতা ইউনিট ডট ফাউন্ডেশন’ এর কর্ণধার দীপঙ্কর পোড়েলকে সেই খবর পৌঁছে দেন। খবর পেয়েই দীপঙ্কর বাবু পরিবেশ কর্মী সঞ্জয় রায়কে সঙ্গে নিয়ে ওই এলাকায় এসে পৌঁছন।

কচ্ছপ ধরা বা খাওয়া যে বেআইনি ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তা তিনি মানুষকে বোঝান। এরপর হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের কোষাধ্যক্ষ পরিবেশকর্মী সায়ন দে, শিক্ষক সৌমেন মণ্ডল, পার্থসারথী চন্দ্রকে নিয়ে দীপঙ্কর বাবু এদিন এলাকারই একটি জলাভূমিতে কচ্ছপটিকে তার নিজস্ব আবাসস্থলে মুক্ত করে দেন। দীপঙ্কর পোড়েল জানান, হাওড়া জেলার দামোদর রূপনারায়ণ নদী তীরবর্তী এলাকায় এখনও দেখা মেলে এই ‘ময়ূরী কচ্ছপ’ বা Peacock Softshell Turtle এর।

Related Articles