E-commerce Scam: ক্যাশ অন ডেলিভারিতে অতিরিক্ত চার্জ! ই-কমার্স সংস্থাগুলির বিরুদ্ধে তদন্ত শুরু করল কেন্দ্র
এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইতিমধ্যেই এই অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
Truth of Bengal: ই-কমার্স সংস্থাগুলির বিরুদ্ধে ফের উঠেছে ক্রেতা প্রতারণার অভিযোগ। ‘ক্যাশ অন ডেলিভারি’ পরিষেবার নামে অতিরিক্ত চার্জ নেওয়ার অভিযোগে তোলপাড় সামাজিক মাধ্যম। বিষয়টি নজরে আসতেই এবার কড়া অবস্থান নিল কেন্দ্র।এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইতিমধ্যেই এই অভিযোগের তদন্ত শুরু হয়েছে। যেসব সংস্থা গ্রাহক অধিকার লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি (E-commerce Scam)।
এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রহ্লাদ যোশী লিখেছেন, ই-কমার্স প্ল্যাটফর্মগুলির ক্যাশ অন ডেলিভারি পরিষেবার জন্য অতিরিক্ত চার্জ নেওয়ার বিরুদ্ধে যে অভিযোগগুলি এসেছে, তাতে এক ধরনের অন্ধকার প্যাটার্ন দেখা যাচ্ছে। এটি গ্রাহকদের বিভ্রান্ত এবং শোষণ করছে। এই বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। প্ল্যাটফর্মগুলিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের ই-কমার্স ক্ষেত্রে স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ। সম্প্রতি এক নেটিজেন এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিযোগ করেন, ‘ জোমাটো, সুইগ্গি, জেপ্টো–র ‘রেন ফি’ ভুলে যান। দেখুন ফ্লিপকার্ট কী মাস্টারস্ট্রোক খেলেছে।‘ তিনি জানান, ক্যাশ অন ডেলিভারি অপশন বেছে নেওয়ায় তাঁকে অতিরিক্ত অর্থ দিতে হয়েছে (E-commerce Scam)।
প্রসঙ্গত, এর আগে বহু ক্রেতা অভিযোগ জানিয়েছেন যে, ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে ই-কমার্স সংস্থাগুলি অনলাইনে পেমেন্টের তুলনায় বেশি টাকা নেয়। এমনকি অনেক সময় বিক্রেতা সংস্থা পণ্যের পাশে স্টকে মাত্র ১টি বাকি বা অফারটি আর ১০ মিনিট বৈধ বলে উল্লেখ করে গ্রাহকদের বিভ্রান্ত করে। বাস্তবে কিন্তু স্টকে যথেষ্ট পণ্য মজুত থাকে।এই ধরনের ভ্রান্তিপূর্ণ প্রচারের বিরুদ্ধে কেন্দ্রের হুঁশিয়ারি এবার ই-কমার্স বাজারে পরিবর্তন আনতে পারে বলেই আশা করছেন ক্রেতারা (E-commerce Scam)।






