ভোটের মুখে নিউটাউনে টাকার পাহাড়! অ্যাপ ক্যাব থেকে উদ্ধার নগদ ২৫ লক্ষ
ধৃত ব্যক্তিকে আজই বারাসত আদালতে পেশ করা হবে।
Truth of Bengal: নির্বাচন কমিশনের নির্দেশে ভোট ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে কড়া নজরদারি শুরু করেছে পুলিশ ও প্রশাসন। শুক্রবার সকালে নিউটাউনের সিটি সেন্টার সংলগ্ন এলাকায় এমনই এক তল্লাশি অভিযানে একটি অ্যাপ ক্যাব থেকে উদ্ধার হল নগদ ২৫ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগে গুজরাটের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে বিধাননগর গোয়েন্দা শাখা ও ইকো পার্ক থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে আজই বারাসত আদালতে পেশ করা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুরাজ ঠাকুর। গোপন সূত্রে খবর ছিল যে বড়বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে একটি গাড়ি নিউটাউনের দিকে যাচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই শুক্রবার সকালে নিউটাউন সিটি সেন্টারের কাছে ওত পেতে ছিলেন তদন্তকারীরা। বেশ কিছু সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালানোর সময় একটি অ্যাপ ক্যাবের ডিকি থেকে ওই টাকার বান্ডিল উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, টাকাগুলো বড়বাজার থেকে নিউটাউনের নির্দিষ্ট কোনো গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
ধৃত সুরাজ ঠাকুরকে ইকো পার্ক থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। এই টাকা কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল এবং এর উৎস কী, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। নির্বাচনের মুখে এত টাকা উদ্ধারের ঘটনায় কোনো রাজনৈতিক যোগসূত্র আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আজ ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বারাসত আদালতে।






