কলকাতা

সুরুচি সংঘে স্বরূপকে নিয়ে পুলিশের ম্যারাথন তল্লাশি! অরূপের ফ্ল্যাটের ‘সিক্রেট চেম্বার’ থেকে উদ্ধার ১৪টি মোবাইল

ডিজিটাল লক খুলতেই উদ্ধার ১৪টি মোবাইল ও আইপ্যাড! নিউ আলিপুরের ফ্ল্যাটে অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘর’ ফাঁস

Truth of Bengal: ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দক্ষিণ কলকাতার একদা ‘ত্রাস’ তথা টলিউড ইন্ডাস্ট্রির নিয়ন্তা ‘বিশ্বাস ব্রাদার্স’-এর সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এই মুহূর্তে বেপাত্তা হলেও, দিন কয়েক আগেই পুলিশের জালে ধরা পড়েছেন তাঁর ভাই তথা দাপুটে নেতা স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। আর মঙ্গলবার দুপুরের পর সেই ধৃত স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়েই নিউ আলিপুরের বিখ্যাত ক্লাব ‘সুরুচি সংঘ’-এ তল্লাশিতে নামল পুলিশ। এই মেগা অভিযানের আগেই জনরোষ এড়াতে গোটা নিউ আলিপুর এলাকা এবং সুরুচি সংঘ চত্বরকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছিল কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ।

ক্লাবের ভেতরে রাজকীয় বিছানা, রাশি রাশি ‘প্রাণধারা’র বোতল!

টলিউড ইন্ডাস্ট্রিতে প্রোডিউসার ও টেকনিশিয়ানদের কাছ থেকে তোলাবাজি ও সিন্ডিকেট রাজ চালানোর ভূরি ভূরি অভিযোগ রয়েছে স্বরূপের বিরুদ্ধে। বিশ্বাস ভাইদের সমস্ত প্রভাব খাটানোর মূল এপিসেন্টার ছিল এই সুরুচি সংঘ। সম্প্রতি এই ক্লাবে উন্মত্ত জনতার ব্যাপক ভাঙচুরের পর ভেতরের যে রূপ সামনে এসেছে, তা দেখে তাজ্জব এলাকাবাসী। ক্লাবের ওপরতলার একটি গোপন ঘরে মিলেছে রাজকীয় ‘কিং সাইজ বেড’, এসি ও বিলাসবহুল শৌচালয়।

শুধু তাই নয়, ঘুরপথে সরকারি ত্রাণ ও জিনিসপত্র আত্মসাৎ করার মারাত্মক প্রমাণও মিলেছে ক্লাবের ভেতর থেকে। সেখানে ঘরের পর ঘরে মজুত করা রয়েছে সরকারি জল ‘প্রাণধারা’র হাজার হাজার বোতল এবং গরিবদের দেওয়ার জন্য আসা রাশি রাশি শাড়ি। অভিযোগ উঠেছে, জীবন বিমা নিগম বা এলআইসি-র (LIC) কোটি কোটি টাকার জমি বেআইনিভাবে দখল করেই গড়ে তোলা হয়েছিল সুরুচি সংঘের এই ঝাঁ-চকচকে সাম্রাজ্য।

ডিজিটাল লক খুলতেই মিলল ১৪টি মোবাইল ও আইপ্যাড

সুরুচি সংঘের এই তল্লাশির ঠিক আগের রাতেই নিউ আলিপুরে অরূপ ও স্বরূপ বিশ্বাসের নিজস্ব ফ্ল্যাটে হানা দিয়ে এক ‘রহস্যময় ঘর’-এর হদিশ পায় পুলিশ। সেই ঘরের দরজায় লাগানো ছিল অত্যাধুনিক ডিজিটাল বায়োমেট্রিক লক। সোমবার রাতে দীর্ঘ প্রচেষ্টার পর সেই লক খুলতেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। ঘরের ভেতর থেকে উদ্ধার হয়েছে ১৪টি সচল দামি স্মার্টফোন, দুটি আইপ্যাড এবং টলিউড গিল্ড সংক্রান্ত প্রচুর গুরুত্বপূর্ণ ও বিতর্কিত নথি।

একসঙ্গে কেন ১৪টি মোবাইল ওই গোপন ডেরায় লুকিয়ে রাখা হয়েছিল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। গোয়েন্দাদের ধারণা, এই মোবাইলগুলির ভেতরেই লুকিয়ে রয়েছে টলিউডের কোটি কোটি টাকার তোলাবাজি এবং প্রভাবশালীদের সঙ্গে লেনদেনের আসল রহস্য। জমানা বদলাতেই বিশ্বাস ব্রাদার্সের এই চরম পতন এখন দক্ষিণ কলকাতার সবচেয়ে বড় টক অফ দ্য টাউন।

Related Articles