কলকাতাগল্প ও কবিতা

প্রাচীন ভারতীয় সাহিত্য ও সংস্কৃতির ওপর গবেষণা, কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে সম্মান পেলেন বাঙালি গবেষক সুদীপ চন্দ্র হালদার

আইন অনুষদের ডিনের চেম্বারে অনুষ্ঠিত ভাইভা-ভোসে (মৌখিক) পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পর পরীক্ষকমণ্ডলী তাঁকে ডক্টরেট ডিগ্রি প্রদানের জন্য সুপারিশ করেন।

Truth of Bengal: প্রাচীন ভারতীয় সাহিত্য ও সংস্কৃতির গবেষক সুদীপ চন্দ্র হালদার কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের (বিএইচইউ) আইন অনুষদ থেকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন। আইন অনুষদের ডিনের চেম্বারে অনুষ্ঠিত ভাইভা-ভোসে (মৌখিক) পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পর পরীক্ষকমণ্ডলী তাঁকে ডক্টরেট ডিগ্রি প্রদানের জন্য সুপারিশ করেন। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ‘ডক্টর’ হিসেবে স্বীকৃতি লাভ করেন।

তাঁর গবেষণার বিষয় ছিল ‘সমসাময়িক দণ্ডনীতি’। কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদার দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সম্পৃক্ত। ডক্টরেট ডিগ্রি অর্জনের পর তিনি ভাইভা বোর্ডে উপস্থিত সকল অধ্যাপক, গবেষণা-তত্ত্বাবধায়ক এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করিয়ে তাঁদের আশীর্বাদ কামনা করেন।

ভাইভা-ভোসে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক প্রদীপ কুমার সিং, গবেষণা-তত্ত্বাবধায়ক ড. ববিতা বেরাইয়া, অধ্যাপক জয় প্রকাশ রায়, অধ্যাপক রাজু মাঝি, অধ্যাপক শৈলেন্দ্র কুমার গুপ্ত, অধ্যাপক বিভা ত্রিপাঠীসহ আইন অনুষদের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ। বহিঃপরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাগেশ্বরী দেশওয়াল। ড. সুদীপ চন্দ্র হালদারের এই সাফল্যে সাহিত্য, শিক্ষা ও গবেষণা অঙ্গনের বিশিষ্টজন, শুভানুধ্যায়ী এবং সহকর্মীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।