কলকাতা

টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসনে ভয়াবহ আগুন! ছুটির সকালে হুলুস্থুল অভিজাত বহুতলে

টালিগঞ্জ এলাকার এই বহুতলের টাওয়ার ২-তে হঠাৎই আগুন লাগে, যা মুহূর্তের মধ্যে বড় আকার ধারণ করে।

Truth Of Bengal: রবিবার ছুটির সকালে কলকাতার অভিজাত আবাসন ডায়মন্ড সিটি সাউথে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। টালিগঞ্জ এলাকার এই বহুতলের টাওয়ার ২-তে হঠাৎই আগুন লাগে, যা মুহূর্তের মধ্যে বড় আকার ধারণ করে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখে আতঙ্কে আবাসন ছেড়ে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে।

খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেছেন কর্মীরা। বড়সড় বিপদ এড়াতে ইতিমধ্যেই আবাসনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের উৎসস্থলটি চিহ্নিত করে সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা, যাতে আগুন অন্য তলা বা পাশের ব্লকে ছড়িয়ে পড়তে না পারে।

দমকল সূত্রে জানানো হয়েছে, প্রয়োজনে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। তবে ঠিক কী কারণে বা কীভাবে এই অভিজাত বহুতলে আগুন লাগল, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। শর্টসার্কিট না কি অন্য কোনো যান্ত্রিক গোলযোগ, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই অগ্নিকাণ্ডের জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও প্রবল আতঙ্ক বিরাজ করছে।

Related Articles