কলকাতা

বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মৃত্যুর ঘটনায় সিইএসসি-র কাছে রিপোর্ট তলব করল হাই কোর্ট

মামলার পরবর্তী শুনানি ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।

Truth Of Bengal: বিদ্যুৎস্পৃষ্টে একের পর এক মৃত্যুর ঘটনায় সিইএসসি-র কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত মামলায় হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা, নিকাশি ব্যবস্থা এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সিইএসসি এবং কলকাতা পুরসভা বিস্তারিত রিপোর্ট জমা দেবে। মামলার পরবর্তী শুনানি ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার রাত ও মঙ্গলবার ভোরের প্রবল বর্ষণে কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট জনের মৃত্যু ঘটে। এছাড়া দক্ষিণ শহরতলির বিষ্ণুপুর ও নরেন্দ্রপুরে আরও দুই যুবক প্রাণ হারান। সরকারি সূত্রের খবর, রাজ্যে মোট ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার ভবানীপুরে একটি পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী জানান, সিইএসসি যদি মৃতদের পরিবারের চাকরির ব্যবস্থা না করে, তবে রাজ্য সরকার পরিবারের এক জন সদস্যকে হোমগার্ডে চাকরি দেবে। এছাড়া তিনি সিইএসসি-র কাছে অনুরোধ করেন, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে। রাজ্য সরকার স্বজনহারানো পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “এখন পরিস্থিতি অনেকটা ভাল। দু’-একটা নিচু জায়গা ছাড়া সব জায়গা থেকে জল নেমে গেছে। প্রকৃতি আমাদের হাতে নেই। কিন্তু দীর্ঘদিন ধরে কলকাতা বন্দর ও ফরাক্কা ব্যারেজে ড্রেজিং হয়নি। আমাদেরই সমস্ত জল সামলাতে হচ্ছে।” এই পরিস্থিতিতে হাই কোর্ট সিইএসসি-র কাছে রিপোর্ট তলব করেছে।

Related Articles