কলকাতা

মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনায় ধৃত ৯ জনের পুলিশি হেফাজত

ধৃতদের মধ্যে বেশিরভাগই বিজেপি কর্মী

Truth Of Bengal: গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনা।এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা ন’জন। এদের মধ্যে বেশিরভাগই বিজেপি কর্মী। ধৃতদের রবিবার আদালতে পেশ করা হয়।আদালত তাঁদের ১৯ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম প্রসাদ জয়সওয়াল, প্রসূন পাত্র, বিকি বেরা, গোবিন্দ কর্মকার, দীপজিৎ দাস, সানি দে, চরণজিৎ সিংহ, কৃশানু বসু, রাজেশ কুমার।

উত্তর কলকাতার গিরিশ পার্কে মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে হামলা ও সংঘর্ষের ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায়, যার মধ্যে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তিতে আঘাত এবং সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। ঘটনায় মোট আটজন পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জন এখনও হাসপাতালে ভর্তি।

শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা শুরুর আগেই উত্তপ্ত হয়ে ওঠে গিরিশ পার্ক চত্বর। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, বিজেপি কর্মীরা মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করেছে। অন্যদিকে, বিজেপির দাবি ছিল তৃণমূল কর্মীরাই তাঁদের ব্রিগেডগামী বাসে ভাঙচুর চালিয়েছে এবং ইট ছুড়েছে। এই সংঘর্ষ থামাতে গিয়ে বৌবাজার থানার ওসি-সহ মোট আটজন পুলিশকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় র‍্যাফ নামাতে হয় এবং পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করে।

Related Articles