কলকাতা

KIFF 2025: আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী! বিকেলে ধনধান্য প্রেক্ষাগৃহে তারকাদের মেলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে ধনধান্য প্রেক্ষাগৃহ থেকে এই উৎসবের উদ্বোধন করবেন।

Truth of Bengal: পূজার মরশুম শেষে এবার শহরজুড়ে নতুন উৎসবের মেজাজ। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। উৎসবকে ঘিরে এখন শহরের বিভিন্ন প্রান্তে শোভা পাচ্ছে বড় বড় কাটআউট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে ধনধান্য প্রেক্ষাগৃহ থেকে এই উৎসবের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিংবদন্তী পরিচালক রমেশ সিপ্পি (শোলে ছবির পরিচালক), বিশিষ্ট সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়, এবং পরিচালক সুজয় ঘোষ। মঞ্চ আলোকিত করবেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ বলিউড ও টলিউডের একাধিক নক্ষত্র। জানা গেছে, এবারও কিং অফ বলিউড শাহরুখ খান (এসআরকে) উৎসবে আসতে পারছেন না। অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং অভিনেতা শত্রুঘ্ন সিনহার মতো তারকারাও উপস্থিত থাকার কথা রয়েছে।

এবারের চলচ্চিত্র উৎসবের ট্যাগলাইন রাখা হয়েছে ‘চলচ্চিত্র মেলায় বিশ্ব’। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় এক বিশেষ নৃত্যানুষ্ঠান পরিবেশন করবেন। উত্তম কুমারকে শ্রদ্ধা জানিয়ে অজয় কর পরিচালিত কালজয়ী ছবি ‘সপ্তপদী’ প্রদর্শনের মধ্য দিয়ে চলতি বছর উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। চলতি বছর কিংবদন্তী পরিচালক ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ। তাঁকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানাতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর ৬টি ছবির পুনরুদ্ধারকৃত সংস্করণ দেখানো হবে। ৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে তাঁর কালজয়ী ছবিগুলি— ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘মেঘে ঢাকা তারা’, ‘অযান্ত্রিক’, ‘কোমল গান্ধার’, এবং ‘সুবর্ণরেখা’। এছাড়াও, এই বছরের ফোকাস কান্ট্রি হিসেবে থাকছে পোল্যান্ড। জনপ্রিয় বলিউড সিনেমা ‘শোলে’-র ৫০ বছর পূর্তি উপলক্ষে পরিচালক রমেশ সিপ্পি ‘সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার’ দেবেন।

এই বছর ভারত-সহ মোট ৩৯টি দেশ থেকে বাছাই করা ২১৫টি ছবি দেখানো হবে। এর মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি এবং ৩০টি স্বল্প দৈর্ঘ্যের ছবি। মোট ১৮টি ভারতীয় ভাষা এবং ৩০টি বিদেশি ভাষার ছবি এই উৎসবে প্রদর্শিত হবে। নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, ওকাকুরা ভবন, নবীনা সিনেমা, রাধা স্টুডিও, বিনোদিনী থিয়েটার এবং নজরুল তীর্থ-সহ শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে ৭ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সিনেপ্রেমীদের এই উৎসবের মেজাজ জমে উঠবে। উৎসবের প্রতিদিনই সিনেমার পাশাপাশি সিনেমার গানের ডালি নিয়ে হাজির হবেন জনপ্রিয় শিল্পীরা, যার জন্য নন্দন চত্বরে একতারা মঞ্চে সিনেআড্ডার আয়োজন করা হয়েছে। নন্দন চত্বরকে সিনেমার বাড়ির আদলে সাজানো হয়েছে এবং সেখানে সপ্তপদীর একাধিক দৃশ্যের ছবি আঁকা হয়েছে। চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়ামের উদ্বোধন করবেন। ২২ হাজার দর্শকাসন বিশিষ্ট এই স্টেডিয়ামটি ভারতের মধ্যে বৃহত্তম আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম এবং এটি নির্মাণে প্রায় ২০ কোটি টাকা খরচ হয়েছে।

Related Articles