দেশ

বেঙ্গালুরুতে টিভি দেখার অছিলায় বাড়িওয়ালাকে বালিশচাপা দিয়ে হত্যা ভাড়াটে দম্পতির

টিভি দেখার অছিলায় দোতলায় তাঁর ঘরে আসে ভাড়াটে দম্পতি। তখন শ্রীলক্ষ্মী ফোনে এক আত্মীয়ের সঙ্গে কথা বলছিলেন।

Truth of Bengal: বেঙ্গালুরুর দক্ষিণাঞ্চলে মর্মান্তিক হত্যাকাণ্ড। নিজের বাড়িতেই খুন হলেন বাড়িওয়ালা শ্রীলক্ষ্মী, অভিযুক্ত তাঁরই ভাড়াটে দম্পতি। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর উত্তরাহাল্লি এলাকায়। খুনের কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত দম্পতি প্রসাদ শ্রীশৈলা মাকাই এবং সাক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন শ্রীলক্ষ্মী। টিভি দেখার অছিলায় দোতলায় তাঁর ঘরে আসে ভাড়াটে দম্পতি। তখন শ্রীলক্ষ্মী ফোনে এক আত্মীয়ের সঙ্গে কথা বলছিলেন। ইশারায় তাঁদের বসতে বলেন তিনি। কয়েক মিনিট পর ফোন রেখে দেওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্তরা তাঁকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেন বলে অভিযোগ। এরপর ঘর থেকে শ্রীলক্ষ্মীর সোনার মঙ্গলসূত্র ও গয়না চুরি করে নিজেদের ঘরে ফিরে যান দু’জনে।

এর কিছুক্ষণ পর শ্রীলক্ষ্মীর স্বামী তাঁকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনও সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি এক পড়শিকে ফোন করে খবর নিতে বলেন। পড়শি যখন ঘরে ঢোকেন, তখন শ্রীলক্ষ্মীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তদন্তে সন্দেহের তালিকায় প্রথম থেকেই ছিলেন ভাড়াটে দম্পতি। জিজ্ঞাসাবাদের সময় তাঁরা অবশেষে খুনের কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। তাঁদের কাছ থেকেই উদ্ধার হয়েছে নিহতের মঙ্গলসূত্র ও চুরি যাওয়া গয়না।ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, দম্পতির উদ্দেশ্য ছিল ডাকাতি, কিন্তু ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় তারা বাড়িওয়ালাকে খুন করে। দুই অভিযুক্তের বিরুদ্ধে খুন ও ডাকাতির মামলা দায়ের হয়েছে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Related Articles