কলকাতা

যাদবপুরকে ঘিরে থাকবে সিসিটিভি ক্যামেরা! অর্থ বরাদ্দ করল নবান্ন

বুধবার রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন অর্থ দফতর এবং উচ্চশিক্ষা দফতরের আধিকারিকরা।

জয় চক্রবর্তী, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। বিশ্ববিদ্যালয়ের দুই ক্যাম্পাসে মোট ৭০টি সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য ৬৮ লক্ষ টাকার আর্থিক ছাড়পত্র অনুমোদন করেছে নবান্ন। বুধবার রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন অর্থ দফতর এবং উচ্চশিক্ষা দফতরের আধিকারিকরা।

বৈঠকে বিশ্ববিদ্যালয় চত্বরে নিরাপত্তা জোরদার করার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নবান্ন সূত্রের খবর, বৃহস্পতিবারের মধ্যে মধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উচ্চশিক্ষা দফতরের তরফে সম্মতিপত্র পাঠিয়ে দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী, যাদবপুরের মূল ক্যাম্পাসে ৫৫টি এবং সল্টলেক ক্যাম্পাসে আরও ১৫টি সিসিটিভি বসানো হবে।

অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র সিসিটিভি নয়, বিশ্ববিদ্যালয় চত্বরে অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়োগের বিষয়টিও বিবেচনাধীন রয়েছে। নবান্নের এক আধিকারিক জানান, ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। এই প্রকল্প বাস্তবায়িত হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী হবে।

Related Articles