শরৎ বোস রোডে হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা ৫০ জন
Fire breaks out at hotel on Sarat Bose Road, 50 people narrowly escape
Truth Of Bengal: দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডে একটি পাঁচতলা হোটেলে রবিবার গভীর রাতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। রাত প্রায় ১টা নাগাদ হোটেলের কনফারেন্স রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গিয়েছে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য তলাতেও।
ঘটনার সময় হোটেলটিতে ৫০ জনের বেশি আবাসিক ছিলেন। হোটেল কর্মীদের তৎপরতায় সকলকেই নিরাপদে সরিয়ে নেওয়া যায়। প্রাথমিকভাবে দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করলেও, পরে পরিস্থিতি সামাল দিতে আরও ইঞ্জিন আনা হয়। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় ভোর তিনটে নাগাদ আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, একটি এসি মেশিনে শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অতিরিক্ত ব্যবহারের চাপ, রক্ষণাবেক্ষণের অভাব এবং পুরনো যন্ত্রপাতিই এমন দুর্ঘটনার জন্য দায়ী।
এই ঘটনার পর আবারও শহরের হোটেলগুলির অগ্নি নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। হোটেলের নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা কেন কার্যকর হল না, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। দমকল বিভাগ খতিয়ে দেখছে হোটেলের ফায়ার লাইসেন্স এবং নিয়মিত অডিট হয়েছে কি না।
উল্লেখ্য, ঠিক এক মাস আগে বড়বাজারের ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডে ১৪ জন প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনার পর প্রশাসন বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করলেও, ফের এমন ঘটনা শহরবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি করছে।
বিশেষজ্ঞদের মতে, হোটেল কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণ এবং আধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থার অভাব না মেটালে এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো কঠিন হবে।





