রাজ্যের খবর

সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির দাপট, দক্ষিণের পর সপ্তাহান্তে বাড়বে উত্তরবঙ্গের দুর্যোগ

আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট অব্যাহত থাকবে।

Truth Of Bengal: রাজ্যজুড়ে আগামী সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। এরপর ধীরে ধীরে দক্ষিণে আবহাওয়ার উন্নতি হলেও উত্তরবঙ্গে ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী শুক্রবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতাতেও আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

মঙ্গলবার হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। বৃহস্পতিবার হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টি বেশি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে।

শনিবার থেকে দক্ষিণবঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে এবং বৃষ্টির পরিমাণও কমবে বলে পূর্বাভাস। তবে একই সময়ে উত্তরবঙ্গে ফের সক্রিয় হবে বর্ষা।

উত্তরবঙ্গে মঙ্গলবার ও বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও শনিবার থেকে ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে।

শনিবার উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

Related Articles