কলকাতা

জন্ম-মৃত্যুর শংসাপত্রে বড় বদল! আর দিতে পারবেন না প্রধান ও পুরপ্রধান, সিদ্ধান্ত নবান্নের

স্বাস্থ্য দপ্তর গোটা রাজ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নাম ও এলাকা নির্ধারণ করবে

Truth of Bengal: জন্ম ও মৃত্যুর শংসাপত্র দেওয়ার ব্যবস্থায় বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। এবার থেকে পঞ্চায়েত প্রধান বা পুরপ্রধানরা আর এই নথি ইস্যু করতে পারবেন না। শংসাপত্র দেওয়ার দায়িত্ব থাকবে সরাসরি সরকারি আধিকারিকদের হাতে। স্বাস্থ্য দপ্তর গোটা রাজ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নাম ও এলাকা নির্ধারণ করবে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল। তাঁর বক্তব্য, জন্মের শংসাপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নথি। সাম্প্রতিক সময়ে এই নথিকে ঘিরে একাধিক অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন জায়গায় ভুল তথ্য, জাল শংসাপত্র এবং অনিয়মের অভিযোগ পাওয়ার পরেই ব্যবস্থা বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যসচিব জানান, ভোট-পরবর্তী সময়ে জন্ম শংসাপত্র সংক্রান্ত একাধিক অভিযোগ প্রশাসনের নজরে এসেছে। এসআইআর প্রক্রিয়াতেও বিভিন্ন নথিতে অসঙ্গতি ধরা পড়েছে। পুলিশের কাছেও বহু অভিযোগ জমা পড়েছে। কোথাও জাল শংসাপত্রের সাহায্যে সরকারি সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে বলেও জানান তিনি। নতুন ব্যবস্থায় দায়িত্বপ্রাপ্ত কোনও আধিকারিক শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি বা অনিয়মে জড়ালে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। পাশাপাশি ১৯৯৭ সাল থেকে নথিভুক্ত সমস্ত জন্ম ও মৃত্যুর শংসাপত্র পর্যায়ক্রমে যাচাই করবে রাজ্য সরকার।যাচাইয়ের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরি করা হবে। পরে সেই তথ্যভাণ্ডার কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট পোর্টালের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষাও চালানো হবে বলে জানিয়েছে প্রশাসন।

যাঁদের কাছে জন্ম বা মৃত্যুর শংসাপত্র নেই, তাঁদের বক্তব্য শুনে এবং প্রয়োজনীয় নথি যাচাই করে নতুন শংসাপত্র দেওয়া হবে। অন্যদিকে, তদন্তে কোনও নথি অবৈধ বা ভুয়ো বলে প্রমাণিত হলে তা বাতিল করা হবে। সাধারণ মানুষকে আশ্বস্ত করে মুখ্যসচিব বলেন, শংসাপত্র যাচাই নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এটি কেবল প্রশাসনিক নিয়ম মেনে নথি পরীক্ষা করার প্রক্রিয়া। শুধুমাত্র সরকারি আধিকারিকরাই এই যাচাইয়ের কাজ করবেন। কোনও চুক্তিভিত্তিক কর্মীকে দায়িত্ব দেওয়া হবে না। এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই জন্ম ও মৃত্যুর শংসাপত্রে সম্ভাব্য অনিয়মের খোঁজে রাজ্যের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ। কলকাতার পাশাপাশি দুর্গাপুর, নদিয়া, সিউড়ি, রামপুরহাট, দুবরাজপুর এবং কোচবিহারের একাধিক পঞ্চায়েত ও পুরসভায় তল্লাশি চালানো হয়।