কলকাতা

সমাবেশের আগে সভাস্থল পরিদর্শনে মমতা, কর্মী সমর্থকদের উদ্দেশ্যে দিলেন বড় বার্তা

Before the rally, Mamata visited the venue and gave a big message to the activists and supporters

The Truth of Bengal: আজ একুশের আবেগের সমাবেশ। জনগর্জনের ঢেউ বইবে মহানগরী কলকাতার বুকে। শনিবার সন্ধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থল পরিদর্শন করলেন। ঘুরে দেখলেন মঞ্চ। কথা বললেন পুলিশ কমিশনারের সঙ্গে। সভা মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন এবারের একুশের সমাবেশে উপস্থিত থাকবেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টির প্রধানকে একুশের সভায় উপস্থিত থাকার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন মমতা। এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আবহাওয়া ভালো থাকলে অখিলেশ আসবে। অখিলেশকে আমন্ত্রণ জানিয়েছি।’ দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এদিন মমতা বলেন, ‘ ‘শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা করে সভায় যোগ দেবেন।’ সেই সঙ্গে যারা ট্রেনে করে সভায় যোগ দিতে আসবেন তাদেরকে সতর্ক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ ট্রেনের বাইরে মাথা ঝুকিয়ে রাখবেন না।’

শুক্রবার খবর ছড়িয়ে পড়েছিল ২১শে জুলাই একাধিক লোকাল ট্রেন বাতিল থাকছে শিয়ালদা সেকশনে। এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় বিভিন্ন মহলে। সেই প্রসঙ্গ উত্থাপন না করলেও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রেল কর্তৃপক্ষের উদ্দেশ্যে আহ্বান জানান যেন কোন ট্রেন বাতিল করা না হয়। যথাযথ সময় যাতে ট্রেন চলে সে দিকে রেল কর্তৃপক্ষকে নজর রাখার আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো। একুশে জুলাইয়ের আবেগের কথা তুলে ধরেন মমতা। এদিন সভাস্থল পরিদর্শন করে তৃণমূল সুপ্রিমো বলেন, প্রতিবছর তিনি সভার আগের দিন পরিদর্শন করে যান। দলের অন্যতম প্রধান কর্মসূচী একুশে জুলাইয়ের সমাবেশ। দলের সকলের কাছে এই দিনটি অন্য মাত্রা বহন করে। মমতা মনে করিয়ে দেন তৃণমূল কংগ্রেসে সকলেই কর্মী, কেউ নেতা নন।

Related Articles