১২ বছরে ৮৮% কম দুর্ঘটনা! ঘুরে দাঁড়াল ভারতীয় রেল, সামনে এল কেন্দ্রের চমকপ্রদ রিপোর্ট
কেন্দ্রীয় সরকারের সর্বশেষ রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৬-’২৭ অর্থবর্ষে জুন পর্যন্ত গোটা দেশে মাত্র দু’টি বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছে
Truth of Bengal: একসময় রেল দুর্ঘটনা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ভারতীয় রেলকে। গত কয়েক বছরে একাধিক ভয়াবহ দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানিও ঘটেছে। তবে কেন্দ্রের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, গত দু’বছরে বড় ধরনের ট্রেন দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে। কেন্দ্রীয় সরকারের সর্বশেষ রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৬-’২৭ অর্থবর্ষে জুন পর্যন্ত গোটা দেশে মাত্র দু’টি বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ২০২৪-’২৫ অর্থবর্ষে এই সংখ্যা ছিল ১৩৫। পরের অর্থবর্ষ, অর্থাৎ ২০২৫-’২৬ সালে বড় দুর্ঘটনার সংখ্যা কমে দাঁড়ায় ১৬-তে। চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত সেই সংখ্যা মাত্র দুই।
রেল মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ১২ বছরে রেল দুর্ঘটনার সংখ্যা প্রায় ৮৮ শতাংশ কমেছে। মন্ত্রকের দাবি, প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা, রেল পরিকাঠামোর আধুনিকীকরণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের উপর জোর দেওয়ার ফলেই এই সাফল্য এসেছে। রেলের নিরাপত্তা খাতে বাজেট বরাদ্দও গত এক দশকে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৩-’১৪ অর্থবর্ষে নিরাপত্তা খাতে বরাদ্দ ছিল ৩৯ হাজার ২০০ কোটি টাকা। ২০২৬-’২৭ অর্থবর্ষে সেই বরাদ্দ বেড়ে হয়েছে ১ লক্ষ ২০ হাজার ৩৮৯ কোটি টাকা।
এই অর্থের একটি বড় অংশ স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা ‘কবচ’ চালু এবং সম্প্রসারণে খরচ করা হয়েছে। বর্তমানে উন্নত সংস্করণ ‘কবচ ৪.০’ দেশের প্রায় ২ হাজার ৫৬৯ কিলোমিটার রেলপথে কার্যকর রয়েছে। আগামী দিনে আরও বেশি রুটকে এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ‘কবচ’ মূলত দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি সংঘর্ষ প্রতিরোধ ব্যবস্থা। একই রেললাইনে নির্দিষ্ট দূরত্বের মধ্যে দু’টি ট্রেন চলে এলে এই প্রযুক্তি পরিস্থিতি শনাক্ত করে চালককে আগাম সতর্ক করে দেয়। ইঞ্জিনে বসানো যন্ত্র থেকে ক্রমাগত সংকেত পাঠিয়ে সম্ভাব্য বিপদের কথা জানানো হয়। সতর্কবার্তার পরেও চালক প্রয়োজনীয় পদক্ষেপ না করলে ‘কবচ’ স্বয়ংক্রিয় ভাবে ট্রেনের গতি কমিয়ে দিতে পারে। প্রয়োজন হলে স্বয়ংক্রিয় ব্রেক প্রয়োগ করে সংঘর্ষের আগেই ট্রেন থামানোর ক্ষমতাও রয়েছে এই ব্যবস্থার।






