অভিষেকের ৮ এফআইআর মামলায় বড় ধাক্কা! হাইকোর্টে মিলল না রক্ষাকবচ
বৃহস্পতিবার শুনানি চলাকালীন অভিষেকের সেই আর্জি মৌখিক ভাবে খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
Truth of Bengal: রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের হয়ে চলেছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন থানায় তাঁর নামে নতুন করে আরও ৮টি এফআইআর দায়ের হয়। এই সমস্ত মামলায় একসাথে আইনি সুরক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে বৃহস্পতিবার শুনানি চলাকালীন অভিষেকের সেই আর্জি মৌখিক ভাবে খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, ভিন্ন ভিন্ন অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলাগুলিকে এভাবে একত্রিত করে সার্বিক ভাবে রক্ষাকবচ দেওয়া আইনত সম্ভব নয়। তবে আগামী শুনানির আগে পর্যন্ত যদি তাঁর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়, তবে বিষয়টি আদালতের নজরে আনা যাবে বলে জানিয়েছেন বিচারপতি।
আদালতে শুনানির সময় অভিষেকের বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁর মক্কেলের বিরুদ্ধে একাধিক থানায় অহেতুক মামলা দায়ের করা হচ্ছে। তিনি জানান, ভবানীপুর, শিলিগুড়ি, নাকাশিপাড়া, বিষ্ণুপুরসহ বেশ কিছু থানায় অভিষেকের নামে আলাদাভাবে অভিযোগ নথিভুক্ত হয়েছে। এই সমস্ত মামলায় আদালতের তরফ থেকে ঢালাও সুরক্ষাকবচের আবেদন জানান সিব্বল। কিন্তু তাঁর সেই সওয়াল শুনে বিচারপতি বলেন, “প্রতিটি মামলার পটভূমি ও অভিযোগ সম্পূর্ণ ভিন্ন। তাই সব মামলা একসঙ্গে জুড়ে সার্বিক রক্ষাকবচ চাওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না।”
আইনি লড়াইয়ের মাঝে সিব্বল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে যুক্তি দেন, এর আগে একাধিক এফআইআর-এর ক্ষেত্রে শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছিল আদালত এবং নির্দেশ দেওয়া হয়েছিল যে আদালতের অনুমতি ছাড়া নতুন মামলা দায়ের করা যাবে না। এর জবাবে রাজ্যের আইনজীবী পাল্টা যুক্তি দিয়ে জানান, সেটি একটি সাময়িক অন্তর্বর্তী নির্দেশ ছিল মাত্র।
শুভেন্দু অধিকারীর উদাহরণ সামনে আসতেই বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানান, শুভেন্দু অধিকারীর মামলার নজির এখানে টানা উপযুক্ত নয়। সব পক্ষের লিখিত ও মৌখিক বক্তব্য না শুনে আদালত এখনই কোনো চূড়ান্ত নির্দেশ প্রদান করবে না। আগামী ৩০ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।






