পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিজিও-তে মদন মিত্রের বড় ছেলে! ইডির স্ক্যানারে পুরো পরিবার
এর আগের দিন মদনের ছোট ছেলে শুভরূপ মিত্রকে প্রায় ন’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি আধিকারিকরা
Truth of Bengal: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজির হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্র। বৃহস্পতিবার নির্ধারিত সময় অনুযায়ী সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। এর আগের দিন মদনের ছোট ছেলে শুভরূপ মিত্রকে প্রায় ন’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি আধিকারিকরা। এই মামলায় মদন মিত্রের দুই ছেলের পাশাপাশি তাঁর স্ত্রী অর্চনা মিত্রকেও তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ২৯ জুলাই মদন মিত্রকেও সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে তদন্তকারীদের প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে।
কয়েক দিন আগেই মদনের স্ত্রী ও দুই ছেলেকে নোটিস পাঠিয়েছিল ইডি। তদন্তকারীরা তাঁদের আর্থিক লেনদেন এবং ব্যাঙ্ক সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখতে চাইছেন বলে সূত্রের খবর। সেই নোটিস অনুযায়ী বুধবার প্রথমে সিজিও কমপ্লেক্সে হাজির হন শুভরূপ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর প্রায় ন’ঘণ্টা বাদে তিনি ইডি দপ্তর থেকে বেরিয়ে আসেন। ছোট ছেলের পর বৃহস্পতিবার তদন্তকারীদের মুখোমুখি হন স্বরূপ মিত্র। তাঁর কাছ থেকেও পুর নিয়োগ সংক্রান্ত বিভিন্ন আর্থিক তথ্য ও নথি সম্পর্কে জানতে চাওয়া হতে পারে বলে সূত্রের দাবি। তবে জিজ্ঞাসাবাদের বিষয়বস্তু নিয়ে ইডির তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
পরিবারের সদস্যদের তলবের মধ্যেই সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর সঙ্গে যোগ দিয়েছেন মদন মিত্র। এই রাজনৈতিক অবস্থান বদলের সঙ্গে ইডির নোটিসের যোগ রয়েছে কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হলেও মদন সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। মদন জানিয়েছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা হাজির হবেন। তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও নথি তদন্তকারীদের সামনে তুলে ধরা হবে।





