রক্তাক্ত বর্ষশেষের রবিবার! মধ্য কলকাতার গেস্ট হাউসে প্রেমিকার ওপর প্রাণঘাতী হামলা
প্রেমিকাকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হন প্রদীপ কুমার সেলভারাজ নামের যুবক।
Truth Of Bengal: বছরের শেষ রবিবার কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিট এলাকার একটি গেস্ট হাউসে ঘটে এক হৃদয়বিদারক ঘটনা। দুপুরের দিকে ওই গেস্ট হাউসে ঘর ভাড়া নেন যুগল। কিছুক্ষণের মধ্যেই ঘরে ঘটে ধুন্ধুমার কাণ্ড। রক্তাক্ত অবস্থায় উদ্ধার হন এক তরুণী। প্রেমিকাকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হন প্রদীপ কুমার সেলভারাজ নামের যুবক।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, তরুণী উত্তর ২৪ পরগনার বাসিন্দা এবং তার বয়স ৩৮ বছর। প্রদীপ চেন্নাইয়ের বাসিন্দা এবং তার বয়স চল্লিশের কোঠায়। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। অভিযোগ, গেস্ট হাউসের বন্ধ ঘরে প্রদীপ ধারালো অস্ত্র দিয়ে প্রেমিকাকে একাধিকবার আঘাত করে। তরুণীর কাঁধ, হাতসহ একাধিক জায়গায় রয়েছে ক্ষতচিহ্ন।
ঘটনার পর প্রদীপ গেস্ট হাউস ছেড়ে চলে যান। গোঙানির শব্দ শুনে গেস্ট হাউসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তরুণীকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় মুচিপাড়া থানায়। পুলিশ তড়িঘড়ি এসে তরুণীকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরে মোট সাতটি সেলাই পড়েছে।
তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রদীপকে গ্রেফতার করে। জানা গিয়েছে, প্রদীপের কাছে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল যা তরুণীর। এসব নথি নেওয়া-দেওয়া নিয়ে অশান্তির জেরে প্রেমিকাকে আঘাত করার চেষ্টা করা হয়েছে বলেই পুলিশের প্রাথমিক অনুমান। বর্তমানে প্রদীপকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আশা করা হচ্ছে, জেরার মাধ্যমে ঘটনার সত্যতা উদ্ঘাটন করা যাবে। তরুণী সুস্থ হওয়ার পর পুলিশের সঙ্গে বিস্তারিত কথা বলবেন।


