Pacific Ocean: মাদক পাচার রুখতে প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা! সন্ত্রাসবাদী সংগঠনের জাহাজ ধ্বংস, নিহত ৪
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ তাঁর 'এক্স' (পূর্বে টুইটার) হ্যান্ডলে এই খবরটি নিশ্চিত করেছেন।
Truth of Bengal: মাদক পাচার রুখতে বিশ্বজুড়ে সামরিক অভিযান চালানোর অংশ হিসেবে এবার প্রশান্ত মহাসাগরে আরও একটি জাহাজে আক্রমণ করল আমেরিকা। মার্কিন হামলায় পাচারকারী জাহাজটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ তাঁর ‘এক্স’ (পূর্বে টুইটার) হ্যান্ডলে এই খবরটি নিশ্চিত করেছেন। বুধবার রাতে তিনি লেখেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ মেনে মার্কিন সেনা পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি জাহাজে হামলা চালিয়েছে। এই জাহাজটি একটি সন্ত্রাসবাদী সংগঠন দ্বারা পরিচালিত ছিল এবং সেটির মাধ্যমে মাদক পাচার করা হচ্ছিল। ঘটনায় চারজন পাচারকারীর মৃত্যু হয়েছে।” একইসঙ্গে তিনি অভিযানের একটি ভিডিও প্রকাশ করলেও, পূর্ব প্রশান্ত মহাসাগরের ঠিক কোন স্থানে এই হামলা চালানো হয়েছে, তা স্পষ্ট করেননি।
জাহাজটিতে ঠিক কী ধরনের মাদক ছিল, তা এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, তাতে নিষিদ্ধ ফেন্টানিল জাতীয় মাদক থাকার সম্ভাবনাই বেশি। চলতি বছরে মাদক পাচার রুখতে মার্কিন সেনা বিরাট সামরিক অভিযান শুরু করেছে। এর আগে ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলা এবং কলম্বিয়ার একাধিক জাহাজে হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়েছে। নৌসেনার অভিযানে শুধু ক্যারিবিয়ান সাগরেই এখনও পর্যন্ত ৫৭ জনের মৃত্যু হয়েছে। এই হামলার মাধ্যমে স্পষ্ট হল যে, আমেরিকা এবার প্রশান্ত মহাসাগরেও তাদের নজরদারি ও সামরিক তৎপরতা আরও বাড়িয়ে দিল।






