খেলা

সমর্থকদের জন্য এই ডার্বিটাও জিততে চান মোলিনা

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে অধিনায়ক শুভাশিস বসুকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছিলেন মোলিনা।

Truth Of Bengal: বিগত বেশ কয়েকটা ডার্বির সাক্ষাতে বেশিরভাগ ম্যাচেই বাজিমাত করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সদ্য আইএফএ শিল্ডের ফাইনালের ডার্বিতেও পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত বাজিমাত করেছিলেন মোলিনার দল। এবার মিশন সুপার কাপ। সেই টুর্নামেন্টের ফের একবার কলকাতার দুই প্রধান পরস্পরের মুখোমুখি হবে আগামিকাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে গোয়ার ফতোরদা স্টেডিয়ামে। সেই ম্যাচেও জিততে মরিয়া বাগানের হেডস্যার হোসে মোলিনা।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে অধিনায়ক শুভাশিস বসুকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছিলেন মোলিনা। তাঁর কথায়, ‘ডেম্পো ম্যাচে আমরা গোল করতে পারিনি। তা নিয়ে এখন আর অনুশোচনা করতে চাই না। আমাদের মাথায় এই মুহূর্তে একটাই ভাবনা ঘুরপাক খাচ্ছে, সেটা হল শুক্রবারের ডার্বি ম্যাচ। এর আগের ডার্বিগুলিতে আমরা বাজিমাত করেছি, আশা করছি গোয়ার মাঠের ডার্বিতেও শেষ হাসি আমরাই হাসব। এবং আমরা ম্যাচটি জিততে চাই কেবলমাত্র সমর্থকদের কথা ভেবে। কেননা আমাদের সমর্থকরা এই ম্যাচটা জেতার জন্য মুখিয়ে থাকেন। আশাকরি শুক্রবার তাঁদের নিরাশ হতে হবে না।’

এই প্রসঙ্গে অস্কার যেন ফিরে গেলেন সদ্য আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচের পর যখন তিনি ট্রফি জয় করে টিম বাসে উঠছিলেন, তখন মোলিনার কাছে বেশ কিছু সমর্থক আবদার করে বলেছিলেন, এবার সুপার কাপটা জিততে হবে। এবং ডার্বিতেও ইস্টবেঙ্গলকে হারাতে হবে। সেই কথা মাথায় রেখেই ডার্বি জিতে মরিয়া বাগান কোচ।

পাশপাশি প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে যে তিনি যথেষ্ট সমীহ করছেন, তাও জানাতে ভুললেন না বাগান কোচ। তাঁর কথায়, লাল-হলুদ ব্রিগেড এই ডার্বিতে চমক দিতেই পারে, তবে আমরাও প্রস্তুত আছি তা মোকাবিলা করার জন্য।

অস্কারের পাশাপাশি দলের অধিনায়ক শুভাশিস বসুর কথাতেও শোনা গেল ডার্বি নিয়ে  সমর্থকদের আবেগের কথা। পাশাপাশি শুভাশিস বলেন, ‘ডার্বি ম্যাচের জন্য যেমন সমর্থকরা পথ চেয়ে বসে থাকেন, আমরাও তাই। আমার মনে হয় কম্পিটিটিভ ম্যাচ যত বেশি খেলব, ততই ভাল। আমরা শিল্ডে নিজেদের সেরাটা দিয়েছি বলেই ট্রফি জিততে পেরেছি। এই টুর্নামেন্টেও আমরা সেটাই চেষ্টা করছি। গোলের চান্স তৈরি হলেও অনেক সময় তা কনভার্ট হচ্ছে না। আশাকরি ডার্বিতে সেটা হবে না।’

পাশাপাশি ইস্টবেঙ্গল দলের প্রশংসাও করেন শুভাশিস। তিনি বলেন, ‘ইস্টবেঙ্গল দল এখন অনেক ভাল ফুটবল খেলছে। সুতরাং ম্যাচে লড়াই হবে। এবং আমরা আমাদের সেরাটা দিতে প্রস্তুত।’