আন্তর্জাতিক

US Pacific Drug: আন্তর্জাতিক জলসীমায় মাদকবাহী জাহাজ ধ্বংস করল আমেরিকা, নিহত ৪ অপরাধী

সাউদার্ন কমান্ড তাদের এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটি একটি সন্ত্রাসবাদী সংগঠনের দ্বারা পরিচালিত হচ্ছিল।

Truth of Bengal: প্রশান্ত মহাসাগরে মাদক পাচার রুখতে ফের কঠোর পদক্ষেপ নিল মার্কিন সেনাবাহিনী। আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন একটি মাদকবাহী জাহাজে হামলা চালিয়ে তা সম্পূর্ণ ধ্বংস করেছে আমেরিকা। এ হামলায় চারজন অপরাধী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন সেনার সাউদার্ন কমান্ড। সাউদার্ন কমান্ড তাদের এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটি একটি সন্ত্রাসবাদী সংগঠনের দ্বারা পরিচালিত হচ্ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছিল যে ওই জাহাজে নিষিদ্ধ মাদক পাচার হচ্ছিল। এরপরই প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের নির্দেশে পূর্ব প্রশান্ত মহাসাগরে অভিযানে নামে মার্কিন নৌসেনা। হামলার সময় জাহাজে থাকা চার জন জঙ্গির সবাই নিহত হয়েছে বলে দাবি সেনার। এই অভিযান ছিল ‘অপারেশন সাউদার্ন স্পার’-এর অংশ।অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেনা, তবে প্রশান্ত মহাসাগরের ঠিক কোন অঞ্চলে হামলা চালানো হয়েছে তা স্পষ্ট করা হয়নি। জাহাজে কোন ধরনের মাদক ছিল সে বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো না হলেও সেনা সূত্রে অনুমান— অত্যন্ত বিপজ্জনক ও নিষিদ্ধ ‘ফেন্টানিল’ জাতীয় মাদক থাকতে পারে।

চলতি বছর জুড়ে মাদক পাচার রুখতে বৃহৎ সামরিক অভিযান চালাচ্ছে আমেরিকা। এর আগে ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার একাধিক মাদকবাহী নৌকায় হামলা চালিয়ে সেগুলি ধ্বংস করে মার্কিন সেনা। শুধু ক্যারিবিয়ান সাগরেই বিভিন্ন অভিযানে মৃত্যু হয়েছে ৫৭ জনের।মার্কিন সাউদার্ন কমান্ডের তথ্য অনুযায়ী, এ বছর ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী নৌকা লক্ষ্য করে মার্কিন বাহিনী অন্তত ২০টি হামলা চালিয়েছে। এসব হামলায় মৃত্যু হয়েছে ৮০ জনেরও বেশি মানুষের।

গত অগস্টেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়েছিলেন, মাদক পাচার রুখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। তার পরই ২ সেপ্টেম্বর ক্যারিবিয়ান সাগরে প্রথম বড়সড় হামলা চালায় মার্কিন নৌসেনা, যেখানে ১১ জনের মৃত্যু হয়েছিল বলে দাবি করা হয়।মাদকবিরোধী কঠোর অবস্থানের ধারাবাহিকতায় এবার প্রশান্ত মহাসাগরেও নজরদারি ও সামরিক অভিযান বাড়িয়েছে আমেরিকা। যুক্তরাষ্ট্রের দাবি, আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচারের রুটগুলি ভেঙে দিতেই এই ধরনের টানা অভিযান চালানো হচ্ছে।

Related Articles