কানাডার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে দুই ভারতীয় বংশোদ্ভূত
two indian origin anita anand and george chahal in canada pm race
Truth Of Bengal: সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন জাস্টিন ট্রুডো। এরপরই নতুন প্রধানমন্ত্রী কে হবেন, তাই নিয়ে চলছে জোরদার আলোচনা। কানাডিয়ান বংশোদ্ভূত নেতাদের পাশাপাশি দুই ভারতীয়ও প্রধানমন্ত্রী পদের দৌড়ে রয়েছেন বলে জানা গিয়েছে। ভারতীয় বংশোদ্ভূত এই সাংসদদের মধ্যে প্রথম নাম হল ট্রুডো মন্ত্রিসভার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী এবং বর্তমান পরিবহণ ও অভ্যন্তরীণ বাণিজ্যমন্ত্রী অনিতা আনন্দের। যেখানে দ্বিতীয় নাম ভারতবংশোদ্ভূত লিবারেল পার্টির সাংসদ জর্জ চাহালের।
কানাডায় প্রধানমন্ত্রী পদের দৌড়ে ভারতীয় বংশোদ্ভূত সাংসদ অনিতা আনন্দের নামও আলোচনায় রয়েছে। অনিতা আনন্দ ট্রুডো মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত ছিলেন। তিনি কানাডার প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি পরিবহণ ও অভ্যন্তরীণ বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। অনিতা ১৯৬৭ সালে নোভা স্কোটিয়াতে জন্মগ্রহণ করেছেন। তাঁর বাবা-মা উভয়েই ভারতীয়, পেশায় দু’জনেই চিকিৎসক। তাঁর মা সরোজ পঞ্জাবের এবং বাবা এসভি আনন্দ তামিলনাড়ুর বাসিন্দা।
অনিতা টরন্টো বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ছিলেন। তিনি টরন্টোর নিকটবর্তী ওকভিল থেকে ২০১৯ সালের এমপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। এরপর তাঁকে সরকারি সেবা ও প্রকিউরমেন্ট মন্ত্রী নির্বাচিত করা হয়। তিনি কোভিড মহামারী চলাকালীন ভ্যাকসিন সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রতিরক্ষামন্ত্রী থাকাকালীন তিনি ইউক্রেনকেও সাহায্য করেছিলেন। অনিতা এয়ার ইন্ডিয়া তদন্ত কমিশনকে গবেষণাতেও সহায়তা করেছিলেন। কমিশন ২৩ জুন ১৯৮৫-এ এয়ার ইন্ডিয়া কনিষ্ক ফ্লাইট ১৮২-এ বোমা হামলার তদন্ত করেছিল। ওই হামলায় ৩২৯ জন প্রাণ হারিয়েছিলেন। বিষয়টি খালিস্তানিদের সঙ্গে সম্পর্কিত ছিল।
কানাডার লিবারেল এমপি জর্জ চাহালের নাম কানাডার প্রধানমন্ত্রী পদের দৌড়ে দ্বিতীয় ভারতীয় হিসাবে রয়েছে। অনেক সংসদ সদস্য তাঁকে অন্তর্বর্তীকালীন নেতা হিসাবে নিয়োগের সুপারিশ করেছেন। যদি চাহালকে অন্তর্বর্তীকালীন নেতা নির্বাচিত করা হয় তবে তিনি প্রধানমন্ত্রীর দৌড় থেকে বাদ পড়বেন। কারণ কানাডার নিয়ম অনুযায়ী অন্তর্বর্তীকালীন নেতারা প্রধানমন্ত্রী পদে নির্বাচনে লড়তে পারেন না।
জর্জ চাহাল গত সপ্তাহে প্রধানমন্ত্রী পদের জন্য ককাসের সহকর্মীদের কাছে একটি চিঠি লিখেছিলেন। চাহাল ট্রুডোকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর এবং দল থেকে নির্বাচন করার দাবি জানিয়েছিলেন। চাহাল, পেশায় একজন আইনজীবী, ক্যালগারি সিটি কাউন্সিলর হিসাবে বিভিন্ন কমিটিতে কাজ করেছেন। চাহাল প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং শিখ ককাসের চেয়ারম্যানও।





