আন্তর্জাতিক

থিমপুজো ও আলপনার জাদু, প্রবাসে বাঙালির শারদ উৎসব

কানাডার ক্যালগেরি শহরে প্রবাসী বাঙালিদের হাত ধরে শুরু হয়েছে থিমপুজোর আয়োজন।

Truth Of Bengal: সুদূর কানাডাতেও শুরু হয়ে গিয়েছে থিমপুজো। কানাডার (Canada) ক্যালগেরি শহরে প্রবাসী বাঙালিদের হাত ধরে শুরু হয়েছে থিমপুজোর আয়োজন। কলকাতার অনুপ্রেরণায় গড়ে ওঠা এই দুর্গোৎসবের নেপথ্যে রয়েছে আমরা প্রবাসী কালচারাল অ্যাসোসিয়েশন অফ অ্যালবার্টা (অ্যাপকা)। মাত্র চার বছরের এই পুজো আজ প্রবাসী বাঙালিদের কাছে অন্যতম আকর্ষণ। ২০২২ সালে মাত্র ৫০ জন সদস্য নিয়ে শুরু হয়েছিল অ্যাপকার পথ চলা। আজ সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০। কানাডায় দুর্গাপুজোর জন্য আলাদা ছুটি না থাকায়, প্রতি বছর সপ্তাহান্তে আয়োজন করা হয় পুজোর। এ বছর ক্যালগেরিতে ২৬, ২৭ ও ২৮ সেপ্টেম্বর তিন দিন ধরে চলবে দুর্গোৎসব। থাকবে ভরপুর খাওয়াদাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান আর শ’তিনেক বাঙালির মিলেমিশে আনন্দ উৎসব।

আরও পড়ুনঃ ভোগ হিসাবে থাকে ইলিশ-চিংড়ি! প্রায় ৩০০ বছরের ঐতিহ্য মেনে পূজিত হন দেবী দুর্গা

শুরু থেকেই অ্যাপকার বিশেষত্ব থিমপুজো। এর আগে এখানে হয়েছে সহজ পাঠ ও গামছা আর্ট থিম। এ বছর থিম— বাঙালির নিজস্ব শিল্পকলা ‘আলপনা’। ২৪ ফুট লম্বা ব্যাকগ্রাউন্ড জুড়ে নিজেদের হাতে আলপনা আঁকছেন সংগঠনের সদস্যরা। যেহেতু শিল্পী পাওয়া কঠিন, তাই নিজেরাই এক মাস আগে থেকে প্রস্তুতি শুরু করেন। কমিউনিটি হলে ফ্রেম তৈরি করে সাজিয়ে তোলা হয় পুজোমণ্ডপ।প্রতিমাও আলাদা বৈশিষ্ট্য বহন করে। কুমোরটুলি থেকে ফাইবারের প্রতিমা এনে প্রতি বছর পুনর্ব্যবহার করা হয়। পুজো শেষে প্রতিমা সংরক্ষণের জন্য আলাদা ঘর ভাড়া করা হয়, সেখানেই রাখা থাকে মা দুর্গা, পরের বছর আবার সগৌরবে ফিরিয়ে আনা হয় পুজোমণ্ডপে।(Canada)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

শুধু অ্যাপকার আয়োজন নয়, ক্যালগেরি জুড়ে আরও পাঁচটি দুর্গাপুজো হচ্ছে এ বছর। সমগ্র কানাডায় দুর্গাপুজোর সংখ্যা চল্লিশেরও বেশি, যার মধ্যে সবচেয়ে বেশি আয়োজন হয় জিটিএ (গ্রেটার টরন্টো এরিয়া) অঞ্চলে। ক্যালগেরির অ্যাপকার দুর্গোৎসব তাই শুধু পুজো নয়, প্রবাসে থেকেও বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য আর আবেগকে ধরে রাখার এক অসাধারণ প্রয়াস।(Canada)

Related Articles