রাজ্যের খবর

ফের অস্বাভাবিক মৃত্যু খড়্গপুর আইআইটিতে! আট তলা থেকে ঝাঁপ তৃতীয় বর্ষের ছাত্রের

দুর্ঘটনার খবর পেয়ে খড়্গপুর টাউন থানার অন্তর্গত হিজলি পুলিশ ফাঁড়ির কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন।

Truth Of Bengal: খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে ফের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে ক্যাম্পাসের অটল বিহারী বাজপেয়ী হলের আট তলা থেকে ঝাঁপ দেন জয়বীর সিংহ ডোডিয়া নামে এক ছাত্র। ২১ বছর বয়সী ওই যুবক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে খড়্গপুর টাউন থানার অন্তর্গত হিজলি পুলিশ ফাঁড়ির কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আইআইটি কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই পড়ুয়ার পরিবারকে শোকসংবাদ জানানো হয়েছে।

তদন্তে জানা গিয়েছে, মৃত ছাত্রের বাড়ি আমদাবাদের ঘুমা এলাকায়। তিনি ক্যাম্পাসের নেহরু হলের আবাসিক ছিলেন। তবে নিজের হোস্টেল ছেড়ে কেন এবং কীভাবে তিনি অটল বিহারী বাজপেয়ী হলে গেলেন এবং সেখানকার ছাদে পৌঁছলেন, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। পুলিশ বর্তমানে নেহরু হলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে যে, জয়বীর ঠিক কখন সেখান থেকে বেরিয়েছিলেন। পুরো বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, খড়্গপুর আইআইটি-তে পড়ুয়াদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। গত বছর অর্থাৎ ২০২৫ সালে এই শিক্ষা প্রতিষ্ঠানে সাত জন ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে পাঁচ জনের দেহ উদ্ধার হয়েছিল ঝুলন্ত অবস্থায়। বিভিন্ন সময়ে শোয়ান মালিক, অনিকেত ওয়ালকর, মহম্মদ আসিফ কামার, ঋতম মণ্ডল, চন্দ্রদ্বীপ পওয়ার এবং হর্ষকুমার পাণ্ডের মতো মেধাবী পড়ুয়ারা আত্মঘাতী হন। এ ছাড়াও গত ডিসেম্বরে ভট্টরাম শরণ কুমার নামে এক পড়ুয়ার দেহ রেললাইন থেকে উদ্ধার করা হয়েছিল। একের পর এক এই ধরণের ঘটনায় ক্যাম্পাসে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related Articles