কাঁপছে মধ্যপ্রাচ্য, খামেনেই পরবর্তী ইরানের সঙ্গে কি বৈঠকে বসবেন ট্রাম্প?
এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর শূন্যপদে স্থলাভিষিক্ত হয়েছেন আয়াতোল্লা আলিরেজা আরাফি।
Truth Of Bengal: ইরান ও আমেরিকার মধ্যবর্তী রক্তক্ষয়ী সংঘাতের আবহে এক চাঞ্চল্যকর ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান এই সামরিক অভিযান সর্বোচ্চ চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। ট্রাম্পের মতে, সুপরিকল্পিতভাবে এই অভিযান চালানো হচ্ছে এবং লক্ষ্যপূরণ করতে এক মাসের বেশি সময় লাগার কথা নয়। ইরানের সামরিক শক্তি ও ভৌগোলিক আয়তনকে গুরুত্ব দিলেও, মার্কিন প্রযুক্তির সামনে তারা কতক্ষণ টিকবে তা নিয়ে আত্মবিশ্বাসী সুর শোনা গেছে তাঁর গলায়। তবে আলোচনার পথ এখনই প্রশস্ত হচ্ছে কি না, সেই প্রশ্নে ট্রাম্প স্পষ্ট জানান যে ইরান কথা বলতে চাইলেও উপযুক্ত সময় তারা ইতিপূর্বেই অতিবাহিত করে ফেলেছে।
এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর শূন্যপদে স্থলাভিষিক্ত হয়েছেন আয়াতোল্লা আলিরেজা আরাফি। হোয়াইট হাউস সূত্রে খবর, খামেনেই-পরবর্তী এই নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে কিছুটা আগ্রহ দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও আলোচনার সম্ভাবনা জিইয়ে রেখেই তিনি পরিষ্কার করে দিয়েছেন যে, ইরানের মাটিতে আমেরিকার সামরিক অভিযান এখনই থামছে না। অর্থাৎ কূটনৈতিক আলোচনার টেবিলে বসার পাশাপাশি সামরিক দমননীতিও সমানতালে বজায় রাখতে চায় ওয়াশিংটন।
উল্লেখ্য, গত শনিবার তেহরানে খামেনেইয়ের দপ্তর লক্ষ্য করে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর পালটা হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এমনকি আমেরিকার রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’-এ ব্যালিস্টিক মিসাইল ছোড়ার দাবিও করেছে তেহরান। তবে প্রেসিডেন্ট ট্রাম্প পালটা দাবি করেছেন যে, মার্কিন বাহিনীর মরণপণ হানায় ইরানের নৌবাহিনী কার্যত পঙ্গু হয়ে পড়েছে। তাদের ৯টি যুদ্ধজাহাজ ধ্বংস করার পাশাপাশি নৌ-সদর দপ্তরকেও ধূলিসাৎ করে দেওয়া হয়েছে বলে দাবি আমেরিকার। দুই দেশের এই সংঘাত এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে বিশ্বমহল।






