Texas Flash Flood: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত টেক্সাস, নিখোঁজ ২৫ পড়ুয়া, মৃত অন্তত ২৪
গত কয়েকদিন ধরেই টেক্সাসে টানা বৃষ্টি চলছিল। তবে শুক্রবার গভীর রাতে পরিস্থিতি হঠাৎই বদলে যায়।
Truth of Bengal: টেক্সাসের দক্ষিণ-মধ্যাঞ্চলে প্রবল বর্ষণের জেরে সৃষ্টি হওয়া হঠাৎ বন্যায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন। নিখোঁজ ২৫ জন ছাত্রছাত্রী, যারা একটি সামার ক্যাম্পে গিয়েছিল বলে জানা গেছে। গত কয়েকদিন ধরেই টেক্সাসে টানা বৃষ্টি চলছিল। তবে শুক্রবার গভীর রাতে পরিস্থিতি হঠাৎই বদলে যায়। প্রবল বৃষ্টিপাতে হু-হু করে জল বাড়তে শুরু করে গুয়াদালুপে নদীতে। রাজ্যের গভর্নর ড্যান প্যাট্রিক এক সাংবাদিক সম্মেলনে জানান, মাত্র ৪৫ মিনিটের মধ্যে নদীর জলস্তর প্রায় ২৬ ফুট বেড়ে যায়, যার জেরে বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায় (Texas Flash Flood)।
আরও পড়ুনঃ Malda: অর্থের অভাবে বন্ধ হয়েছিল দিল্লির চিকিৎসা, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এল সাফল্য
এই আকস্মিক বন্যায় বহু মানুষ রাতের অন্ধকারে ঘরছাড়া হন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, কোনওরকম পূর্ব সতর্কতা ছাড়াই এই বিপর্যয় নেমে আসে। অনেকে তখন ঘুমের মধ্যেই ছিলেন। হুড়মুড় করে বাড়ির মধ্যে জল ঢুকে পড়ে।সামার ক্যাম্পে উপস্থিত ২৫ জন পড়ুয়ার কোনও খোঁজ এখনও পর্যন্ত মেলেনি। তাদের উদ্ধারে জোরকদমে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। এখন পর্যন্ত প্রায় ২৩৭ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজে নিয়োজিত করা হয়েছে ১৪টি হেলিকপ্টার ও ১২টি ড্রোন। শয়ে শয়ে উদ্ধারকর্মী দিনরাত কাজ করে চলেছেন নিখোঁজদের খোঁজে (Texas Flash Flood)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
পরিস্থিতির ভয়াবহতা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। গোটা পরিস্থিতির উপর তিনি নজর রাখছেন বলে হোয়াইট হাউস সূত্রে খবর। টেক্সাসের বন্যাকবলিত এলাকাগুলি থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে বাসিন্দাদের সরানোর কাজ। তবে প্রশাসনের মূল ফোকাস এখন নিখোঁজ পড়ুয়াদের উদ্ধারের দিকেই। এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলেও প্রশাসন এবং উদ্ধারকারী দল নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে, এবং প্রয়োজন হলে আরও অঞ্চল খালি করার নির্দেশ জারি করা হয়েছে (Texas Flash Flood)।






