আন্তর্জাতিক

South Asia cyclone: এক সপ্তাহের প্রাকৃতিক তাণ্ডবে তছনছ দক্ষিণ এশিয়া, শ্রীলঙ্কা-ইন্দোনেশিয়া-থাইল্যান্ডে বিপর্যয়

শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা দফতর জানিয়েছে, ভূমিধসের জেরে মৃত্যু হয়েছে ৩৩৪ জন, নিখোঁজ অন্তত ৪০০ জন, ক্ষতিগ্রস্ত ৩ লক্ষেরও বেশি পরিবার।

Truth of Bengal: মাত্র এক সপ্তাহের ব্যবধানে ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধসের মতো একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে দক্ষিণ এশিয়ার তিন দেশে প্রাণ হারালেন ১,০০০-রও বেশি মানুষ। ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও তাইল্যান্ড জুড়ে প্রকৃতির এই নির্মম আঘাত অব্যাহত রয়েছে। মালয়েশিয়ার অবস্থাও প্রায় একই রকম। বঙ্গোপসাগরে টানা দুটি ঘূর্ণিঝড়—সেনিয়ার ও দিটওয়া—তৈরি হওয়ার ফলে ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়ে শ্রীলঙ্কা।শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা দফতর জানিয়েছে, ভূমিধসের জেরে মৃত্যু হয়েছে ৩৩৪ জন, নিখোঁজ অন্তত ৪০০ জন, ক্ষতিগ্রস্ত ৩ লক্ষেরও বেশি পরিবার। সবচেয়ে বিপর্যস্ত জেলা ক্যান্ডি, যেখানে একাই মৃত্যু হয়েছে ৮৮ জনের, নিখোঁজ অন্তত ১৫০। বাদুল্লা, নুওয়ারা এলিয়া ও মাতালেতে মৃতের সংখ্যা যথাক্রমে ৭১, ৬৮ ও ২৩। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ঘূর্ণিঝড় সেনিয়ারের প্রভাবে তৈরি বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইন্দোনেশিয়াতেও। জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা-র হিসাব অনুযায়ী, মৃত্যু হয়েছে অন্তত ৪৪২ জন, নিখোঁজ ৪০০-রও বেশি, ক্ষতিগ্রস্ত জনসংখ্যা ৩৫.৪০ লক্ষ। উত্তর সুমাত্রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। মৃত্যু ২১৭, নিখোঁজ ২০৯। আচেহ ও পশ্চিম সুমাত্রায় যথাক্রমে ৯৬ ও ১২৯ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ তাইল্যান্ডের আটটি প্রদেশে জলবিধ্বংসী পরিস্থিতি। সরকারি মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানিয়েছেন, মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সোংখলা। সেখানে মৃত্যু হয়েছে  ১১০ জনের। উদ্ধার অভিযান এখনও চলছে।

সম্প্রতি দুই ঘূর্ণিঝড় সেনিয়ার ও দিটওয়া, দু’টিই তৈরি হয়েছিল দক্ষিণ বঙ্গোপসাগরে। দিটওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় টানা কয়েক দিনের ভারী বর্ষণে বহু গ্রাম–শহর জলমগ্ন হয়ে যায়। উদ্ধারকাজে শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে ভারত। ভারতীয় বায়ুসেনা তিনশো ভারতীয়কে উদ্ধার করে দেশে ফিরিয়েছে এবং বিপর্যস্ত এলাকায় পাঠিয়েছে ত্রাণসামগ্রী।তামিলনাড়ু, পুদুচেরী ও দক্ষিণ অন্ধ্র উপকূলেও এখনো ভারি বৃষ্টির সর্তকতা জারি হয়েছে।

 

Related Articles