Truth Of Bengal: ভারতে বিক্রি হওয়া সব নতুন মোবাইল ফোনে সঞ্চার সাথী অ্যাপ প্রি-ইনস্টল করার কেন্দ্রীয় সরকারের নির্দেশকে ঘিরে বিতর্কের মধ্যে মুখ খুললেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি জানিয়েছেন, এই অ্যাপ ব্যবহার করতে না চাইলে গ্রাহক চাইলেই তা মুছে ফেলতে পারবেন। কোনও বাধ্যবাধকতা নেই। উদাহরণস্বরূপ, নতুন ফোন কিনলে অনেক অ্যাপ প্রি-ইনস্টল থাকে। গুগল ম্যাপসও থাকে। এখন যদি গুগল ম্যাপস ব্যবহার করতে না চান, তাহলে মুছে ফেলুন।
সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিন্ধিয়া বলেন, “অ্যাপটি অ্যাক্টিভেট করার কোনও বাধ্যবাধকতা নেই। ফোনে রাখতে চাইলে রাখুন, না চাইলে মুছে ফেলুন। নতুন ফোনে অনেক অ্যাপ প্রি-ইনস্টল থাকে, যেমন গুগল ম্যাপস। সেগুলোও অনেকে মুছে ফেলেন।”
তিনি আরও বলেন, সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে সাইবার প্রতারণা থেকে নাগরিকদের সুরক্ষিত করাই সরকারের উদ্দেশ্য। ২০২৪ সালে দেশে ২২,৮০০ কোটি টাকার সাইবার প্রতারণা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “অনেকেই জানেন না যে এ ধরনের প্রতারণা থেকে বাঁচার একটি সরকারি অ্যাপ রয়েছে। সচেতনতা বাড়ানোই এই নির্দেশের উদ্দেশ্য।”
কংগ্রেস এই নির্দেশের মধ্যে গোপনীয়তার গুরুতর ঝুঁকি দেখছে। কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা কে সি বেণুগোপাল বলেছেন, এটা “সংবিধানবিরোধী তো বটেই, তার চেয়েও বেশি কিছু”। তিনি এক্স-এ লিখেছেন, “বিগ ব্রাদার আমাদের উপর নজর রাখতে পারে না। গোপনীয়তার অধিকার জীবন ও স্বাধীনতার মৌলিক অধিকারের অবিচ্ছেদ্য অংশ, যা সংবিধানের ২১ নং অনুচ্ছেদে সুরক্ষিত।”
কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বড্রা সঞ্চার সাথীকে “গুপ্তচরবৃত্তির অ্যাপ” বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “এটা হাস্যকর। নাগরিকদের গোপনীয়তার অধিকার আছে। এটা শুধু ফোনে গুপ্তচরবৃত্তির বিষয় নয়- প্রতিটি ক্ষেত্রে এরা দেশকে স্বৈরতন্ত্রে পরিণত করছে।” শিবসেনা (ইউবিটি)-র রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, কেন্দ্রের এই পদক্ষেপ “আরেকটি বিগ বস নজরদারির মুহূর্ত”।
কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম সরকারের কড়া সমালোচনা করে বলেছেন, “এটা রাশিয়া আর উত্তর কোরিয়ায় করা হয়। এরা আমাদের ব্যক্তিগত ছবি-ভিডিয়োতে উঁকি দিতে চায়।” এই সমালোচনার জবাবে সিন্ধিয়া বলেন, বিরোধীরা হন্যে হয়ে একটা ইস্যু খুঁজছে। “মিথ ভাঙা সরকারের দায়িত্ব। আমি সেই কাজটাই করছি। ২০২৪ সালে আমাদের দেশে ২২,৮০০ কোটি টাকার সাইবার প্রতারণা হয়েছে। বিরোধীরা জিজ্ঞাসা করছে প্রতারণা কীভাবে রোখা হবে, আর আমরা সাধারণ মানুষের হাতে সঞ্চার সাথী তুলে দিচ্ছি, তখন তারা বলছে এটা পেগাসাস। যারা সত্য দেখতে চায় না, তাদের সত্য দেখানো যায় না”