Indonesia Earthquake: ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প! ভূপৃষ্ঠের মাত্র ১০ কিমি নীচে কম্পনের উৎস!
স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়।
Truth of Bengal: সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জ। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫, যদিও জার্মানির ভূকম্পন জরিপ সংস্থা জানিয়েছে, কম্পনের মাত্রা আরও বেশি—রিখটার স্কেলে ৬.৮।স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ভূকম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। আমেরিকার ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানায়, ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে ১৭৯ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে ছিল কেন্দ্রস্থল (Indonesia Earthquake)।
আরও পড়ুন: Van Mahotsav: ‘বনমহোৎসব’ উপলক্ষে পরিবেশ রক্ষার আহ্বান মুখ্যমন্ত্রীর
এই জোরালো কম্পনটির পর সুনামির কোনও সতর্কতা জারি হয়নি। এখনো পর্যন্ত প্রাথমিক ভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন আন্তর্জাতিক ভূকম্পন সংস্থা ও স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে। বলা বাহুল্য, এর আগেও ২০২৩ সালের জানুয়ারিতে তানিমবার দ্বীপপুঞ্জে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। সেসময় সুনামির সতর্কতা জারি করা হয়েছিল, যা ঘন্টার পর ঘণ্টা কার্যকর ছিল। সে ভূমিকম্পে প্রাণহানির ঘটনা না ঘটলেও অন্তত ১৫টি বাড়ি ও দু’টি স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল (Indonesia Earthquake)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
তানিমবার দ্বীপপুঞ্জটি ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের অন্তর্গত। এখানে ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০টি দ্বীপ রয়েছে। এই অঞ্চলটি প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের মধ্যে পড়ায় ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত।যদিও এবারের ভূমিকম্পে এখনো কোনও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। যেহেতু ভূকম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠের খুব কাছে ছিল, তাই পরবর্তী সময়ে আফটারশক বা ক্ষয়ক্ষতির আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না (Indonesia Earthquake)।






