আন্তর্জাতিক

COP30 Brazil Fire: ব্রাজিলে জলবায়ু সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড! কপ৩০ চলাকালীন ধোঁয়ায় অসুস্থ ২১ প্রতিনিধি

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টো নাগাদ কনভেনশন সেন্টারের ‘ব্লু জোন’-এর প্যাভিলিয়ন এলাকায় আগুন লাগে।

Truth of Bengal: ব্রাজিলের বেলেম শহরে চলমান জাতিসংঘের ৩০তম বৈশ্বিক পরিবেশ সম্মেলন  তথা  কপ৩০  চলাকালীন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ধোঁয়া শ্বাস নিয়ে অসুস্থ হয়েছেন অন্তত ২১ জন প্রতিনিধি। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টো নাগাদ কনভেনশন সেন্টারের ‘ব্লু জোন’-এর প্যাভিলিয়ন এলাকায় আগুন লাগে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এগজিবিশন পেভমেন্টে প্রথমে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে, যা দ্রুত মঞ্চের দেওয়াল ও ছাদে ছড়িয়ে পড়ে।

বদ্ধ হলের মধ্যে ধোঁয়া ছড়িয়ে পড়ায় বহু প্রতিনিধি শ্বাসকষ্টে ভুগতে থাকেন।প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, একটি মাইক্রোওয়েভ ওভেনের যান্ত্রিক ক্ষতিগ্রস্ত অংশ থেকেই আগুনের সূত্রপাত। যদিও ব্রাজিলের পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছেন, অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কারণ জানতে আলাদা তদন্ত চলছে।অগ্নিকাণ্ডের পরই ব্রাজিলের দমকল বাহিনী ও জাতিসংঘের নিরাপত্তা কর্মীরা দ্রুত ব্যবস্থা নেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মাত্র ৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। নিরাপত্তা রক্ষীরা মানববন্ধন করে দ্রুত সকল প্রতিনিধিকে নিরাপদে বাইরে বের করে আনেন।

আগুন লাগার সময় ‘মুতিরাও’ নামে এক গুরুত্বপূর্ণ জলবায়ু চুক্তির খসড়া তৈরির কাজ চলছিল। এই চুক্তির লক্ষ্য জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর রোডম্যাপ তৈরি করা— কিন্তু আগুনের কারণে কাজ পুরোপুরি স্থগিত হয়ে যায়।বৃহস্পতিবার আগুনের পর একাধিক বৈঠক বাতিল করতে বাধ্য হন আয়োজকরা। এরফলে অ্যালায়েন্স অব স্মল আইল্যান্ড স্টেটস-এর বৈঠক, ইউরোপিয়ান ইউনিয়ন ও সামিট প্রেসিডেন্সিয়াল কমিটির মিটিং  বাতিল হয়। তবে বাতিল হওয়া বৈঠকগুলির নতুন সময়সূচি এখনও ঘোষণা করা হয়নি।

শুক্রবার সকালে জাতিসংঘের তরফে জানানো হয়েছে, প্রধান কনফারেন্স ভেন্যু এখন আবার ব্যবহারযোগ্য। ব্লু জোনও খুলে দেওয়া হয়েছে, তবে ব্লু জোনের ‘জোন বি’ এলাকা আপাতত বন্ধ থাকবে। নির্ধারিত শিডিউল অনুযায়ী শুক্রবার দিনের বৈঠকগুলি অনুষ্ঠিত হবে।১০ নভেম্বর শুরু হওয়া কপ৩০ সম্মেলনে প্রায় ২০০টি দেশের হাজার হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। বুধবারই উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।এবারের কপ৩০ সম্মেলনের মূল দুই আলোচ্য বিষয় হল জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ ব্যবহার এবং জলবায়ু-সংকট মোকাবিলায় আন্তর্জাতিক তহবিল গঠন।

Related Articles