কলকাতা

২০২৬-এ ব্লু লাইনে আধুনিক সিসিটিভি, যাত্রী নিরাপত্তায় ব্যাবহার করা হবে AI

নতুন সিস্টেমের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব হবে এবং যাত্রীদের সুরক্ষা আরও নির্ভরযোগ্য হবে। 

Truth Of Bengal: কলকাতা মেট্রোর ব্লু লাইনে যাত্রীদের নিরাপত্তা আরও শক্তিশালী করতে বড় প্রযুক্তিগত পরিবর্তন আনা হচ্ছে। পুরনো নজরদারি ব্যবস্থার বদলে আসছে আধুনিক এআই চালিত আইপি ভিত্তিক সিসিটিভি নেটওয়ার্ক। মেট্রো কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের মার্চের মধ্যে এই নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু হবে। নতুন সিস্টেমের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব হবে এবং যাত্রীদের সুরক্ষা আরও নির্ভরযোগ্য হবে।

২৫.৩৪ কোটি টাকার এই আপগ্রেড প্রকল্পে বসানো হবে ১ হাজার ৬৭৮টি হাই-রেজোলিউশন ক্যামেরা। এর মধ্যে ১ হাজার ৬২৫টি ব্লু লাইনের বিভিন্ন স্টেশনে এবং ৫৩টি ক্যামেরা আরপিএফ পোস্টে স্থাপন করা হবে। আগে প্রতিটি স্টেশনে আলাদা যন্ত্র দিয়ে নজরদারি হতো, এখন সবকিছুর নিয়ন্ত্রণ একক কন্ট্রোল রুম থেকে সম্ভব হবে। ফলে কোথাও কোনও সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে সিসিটিভি রুমে খবর পৌঁছাবে।

প্রকল্পটি বাস্তবায়ন করছে বৃহস্পতি টেকনোলজিস লিমিটেড। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রাজশেখর পাপোলু জানিয়েছেন, নতুন এআই সিস্টেম শুধু রেকর্ডিং করবে না, সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করেই সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীদের জানিয়ে দেবে। স্টেশনে ফেলে রাখা ব্যাগ, নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা, অতিরিক্ত ভিড় বা যাত্রীর অস্বাভাবিক আচরণ—এসব স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করা যাবে।

এআই সিস্টেম শুধু নিরাপত্তা নয়, স্টেশনের ভিড় ও মানুষের চলাচলও ট্র্যাক করবে। এই তথ্যের ভিত্তিতে মেট্রো চাইলে কর্মী বৃদ্ধি করতে পারবে, স্টেশন সামলানো সহজ হবে এবং ট্রেনের সময়ও প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা যাবে। নতুন ক্যামেরা হবে ফুল এইচডি ও ৪কে। মেট্রো ভবনে তৈরি হচ্ছে বড় স্টোরেজ ইউনিট, যেখানে ৩০ দিন পর্যন্ত ভিডিও সংরক্ষণ করা যাবে। মুখ চিনে নেওয়ার সুবিধাও থাকবে।

প্রকল্পটি ১৯ জুন ২০২৫-এ অনুমোদন পাওয়ার পর থেকে নয় মাস ধরে প্রস্তুতি চলছে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, ২০২৬ সালের মার্চের মধ্যে পুরো সিস্টেম চালু করা সম্ভব। তাদের লক্ষ্য, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া। বৃহস্পতি টেকনোলজিস লিমিটেড আগে থেকেই দেশের বিভিন্ন মেট্রো, স্মার্ট সিটি ও নিরাপত্তা প্রকল্পে কাজ করেছে।

Related Articles