আন্তর্জাতিক

ভারতের চাপের পর ব্রিটেনে খলিস্তানি সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

ব্রিটেনের এই পদক্ষেপ কেবল সন্ত্রাসবাদের বিরুদ্ধে না, বরং ভারত-ব্রিটেনের মধ্যে সন্ত্রাস বিরোধী সহযোগিতার অংশ হিসেবেও দেখা হচ্ছে।

Truth Of Bengal: ভারতের চাপে ব্রিটেনে খলিস্তানিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গুরপ্রীত সিং রেহল নামের এক ব্যক্তি এবং ‘বব্বর অকালি লহর’ নামের একটি সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন সরকার। জানা গেছে, বিতর্কিত এই সংগঠন ‘বব্বর খালসা ইন্টারন্যাশনাল’-এর অংশ হিসেবে খ্যাত, যা খালিস্তানি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত।

ব্রিটেনের এই পদক্ষেপ কেবল সন্ত্রাসবাদের বিরুদ্ধে না, বরং ভারত-ব্রিটেনের মধ্যে সন্ত্রাস বিরোধী সহযোগিতার অংশ হিসেবেও দেখা হচ্ছে। ৪ ডিসেম্বর ব্রিটিশ সরকার ‘বব্বর অকালি লহর’-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। এটি ব্রিটেনের কাউন্টার টেররিজম রেগুলেশন ২০১৯-এর আওতায় কার্যকর করা হয়েছে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে গুরপ্রীত সিং রেহলের সম্পত্তি এবং তাঁর সঙ্গে যুক্ত সংস্থার সব সম্পত্তি বাজেয়াপ্ত হবে।

রেহলের সঙ্গে যুক্ত অন্যান্য সংগঠনগুলোর মধ্যে রয়েছে পাঞ্জাব সিআইসি, হোয়াইটহোক কনসালটেন্স লিমিটেড এবং লোহা ডিজাইনস। ব্রিটিশ নাগরিকরা এই সংস্থাগুলোর সঙ্গে কোনও চুক্তি করতে পারবেন না। যদি কেউ তা করে, তবে সাত বছরের কারাদণ্ড এবং ১০ লক্ষ পাউন্ড জরিমানা হবে।

ভারতে অভিযোগ রয়েছে, গুরপ্রীত সিং রেহাল খালিস্তানি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতেন। ব্রিটিশ সরকারও মনে করছে, রেহাল বব্বর খালসা এবং বব্বর আকালি লেহারের কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি প্রচার, নিয়োগ এবং অর্থসংস্থানসহ সামরিক সরঞ্জাম সংগ্রহেও সহায়তা করেছেন।

বব্বর আকালি লেহারকে ‘বব্বর খালসার একটি মুখ্য সংগঠন’ হিসেবে বিবেচনা করা হয়, যা সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সহায়তা করে। অন্যদিকে, বব্বর খালসা ইন্টারন্যাশনাল একটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসেবে খ্যাত, যা খালিস্তান আন্দোলনের নামে সহিংসতা এবং ঘৃণা ছড়ানোর জন্য পরিচিত।