দেশ

Madhya Pradesh: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান! প্রকাশ্যে তরুণীকে কুপিয়ে খুন

হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে প্রবেশ করে এক যুবক প্রকাশ্যে তরুণীকে মারধর করে, তার পরে বুকের উপর বসে গলায় ছুরি চালিয়ে খুন করে পালিয়ে যায়।

Truth of Bengal: মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে দিনের আলোয় এক তরুণীকে কুপিয়ে খুন। এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ২৭ জুন, নরসিংহপুর জেলার জেলা হাসপাতালে। হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে প্রবেশ করে এক যুবক প্রকাশ্যে তরুণীকে মারধর করে, তার পরে বুকের উপর বসে গলায় ছুরি চালিয়ে খুন করে পালিয়ে যায়। চাঞ্চল্যকর এই ঘটনায় রাজ্যজুড়ে উঠেছে নিরাপত্তা ব্যর্থতার অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তরুণীর নাম সন্ধ্যা চৌধরি, অভিযুক্ত যুবক অভিষেক কোষ্টি। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সন্ধ্যাকে দীর্ঘদিন ধরেই উত্ত্যক্ত করছিল অভিষেক। ঘটনার দিন সন্ধ্যা জানিয়েছিলেন, তিনি এক বন্ধুর আত্মীয়কে হাসপাতালে দেখতে যাচ্ছেন। সেই খবর পেয়ে আগেই হাসপাতাল চত্বরে হাজির ছিল অভিষেক (Madhya Pradesh)।

আরও পড়ুনঃ Kartik Maharaj: চাকরির বিনিময়ে ধর্ষণ! এফআইআর বাতিলের দাবিতে আদালতে কার্তিক মহারাজ

হাসপাতালের মহিলা ওয়ার্ডে পৌঁছতেই সন্ধ্যার সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর সে ট্রমা কেয়ারে ঢুকে প্রকাশ্যে মারধর শুরু করে সন্ধ্যাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে চড় মেরে মেঝেতে ফেলে দেয়, তারপর একটি ধারালো ছুরি বের করে গলায় একের পর এক কোপ মারে। তরুণীর বুকের উপর বসে এই নৃশংসতা চালানো হয়। ঘটনার সময় ট্রমা কেয়ারের বাইরে দাঁড়িয়েছিলেন দুই নিরাপত্তারক্ষী, ভিতরে ছিলেন নার্স ও চিকিৎসকরা। কিন্তু কেউ ভয়ে এগিয়ে আসেননি। নিরাপত্তারক্ষীরাও ছিলেন নীরব দর্শক, এমনটাই অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। খুনের পর অভিযুক্ত নিজেও নিজের গলায় ছুরি চালানোর চেষ্টা করে, ব্যর্থ হয়ে সরাসরি হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়। সন্ধ্যার রক্তাক্ত দেহ পড়ে থাকে ট্রমা কেয়ারের মেঝেতে (Madhya Pradesh)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

অভিযোগ, বাড়ির লোকেরা আসার আগ পর্যন্ত দেহ সরানো হয়নি। এই ঘটনা সামনে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন সন্ধ্যার পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা। তাঁরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান, রাস্তা অবরোধ করেন। বিশাল পুলিশবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পর থেকেই রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।সরকারি হাসপাতালের মতো জায়গায় এমন নিরাপত্তাহীনতা নিয়ে চরম ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অভিষেক কোষ্টিকে গ্রেফতার করতে তল্লাশি চলছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত তাকে ধরার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে (Madhya Pradesh)।

Related Articles