রাহুল গান্ধিকে কটাক্ষ, প্রিয়াঙ্কাকে জোটের মুখ করার দাবি লালু-পুত্রের
তেজপ্রতাপের দাবি, প্রিয়াঙ্কা গান্ধি অনেক বেশি পরিণত ও দক্ষ নেতৃত্ব দিতে সক্ষম।
Truth Of Bengal: বিহারের রাজনীতিতে আবারও সরগরম। বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এলেন লালু প্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ যাদব। একদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে তীব্র আক্রমণ, অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধিকে প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি। তেজের কথায়, রাহুলের জায়গায় ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়া উচিত প্রিয়াঙ্কার হাতে।
তেজপ্রতাপের দাবি, প্রিয়াঙ্কা গান্ধি অনেক বেশি পরিণত ও দক্ষ নেতৃত্ব দিতে সক্ষম। তিনি তাঁকে ইন্দিরা গান্ধির সঙ্গে তুলনা করেন। তাঁর মতে, ইন্ডিয়া জোটকে সঠিকভাবে পরিচালনা করতে হলে এমন নেতৃত্বই দরকার, যিনি স্থির ও সংগঠিতভাবে কাজ করতে পারেন।
এরই সঙ্গে রাহুল গান্ধিকে কটাক্ষ করে তিনি বলেন, রাহুলের নেতৃত্বে জোট চালানো সম্ভব নয়। তাঁর ভাষায়, রাহুল রাজনৈতিক দায়িত্বের চেয়ে ব্যক্তিগত আগ্রহ ও ভ্রমণেই বেশি মনোযোগ দেন। এমনকি তিনি বলেন, রাহুলের রাজনীতি নিয়ে আরও কঠোর ভাষায় সমালোচনা করা উচিত।
সম্প্রতি বিহারের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তেজপ্রতাপ। নীতীশ কুমারের মুখ্যমন্ত্রিত্ব থেকে সরে যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, রাহুল গান্ধি এই বিষয়গুলি নিয়েই বেশি ব্যস্ত থাকেন, কিন্তু রাজ্য বা দায়িত্ব নিয়ে যথেষ্ট সক্রিয় নন। তেজপ্রতাপের কথায়, বিহারের রাজনীতি নিয়ে রাহুলের আগ্রহ নিয়ে প্রশ্ন তোলা উচিত। তিনি এমন ইঙ্গিতও দেন যে রাহুল হয়তো অন্য রাজ্যের নেতৃত্ব নিয়েই বেশি আগ্রহী।
উল্লেখ্য, লালু পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিজস্ব রাজনৈতিক দল গড়ে গত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তেজপ্রতাপ। তবে সেই নির্বাচনে তাঁর দল কোনও আসন জিততে পারেনি। এরপর থেকেই তাঁর রাজনৈতিক অবস্থান ও বক্তব্য বারবার বিতর্কে এসেছে।
এই নতুন মন্তব্য ঘিরেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। একদিকে কংগ্রেস নেতৃত্ব, অন্যদিকে আঞ্চলিক রাজনীতির সমীকরণ— সব মিলিয়ে তেজপ্রতাপের বক্তব্য নতুন করে জল্পনা বাড়িয়েছে বিহারের রাজনৈতিক অঙ্গণে।





