চোটে পুরো মরশুম থেকেই ছিটকে গেলেন আয়ূষ মাত্রে
১৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ব্যাট করার সময় এই চোট পান মাত্রে।
Truth Of Bengal: চেন্নাই সুপার কিংসের আইপিএল ২০২৬ অভিযান বড় ধাক্কা খেল। দলের উদীয়মান তারকা ওপেনার আয়ূষ মাত্রে আর পুরো মরশুমে খেলতে পারবেন না। ১৮ বছর বয়সি এই ব্যাটার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পেয়েছেন, আর সেই চোটই তাঁর টুর্নামেন্ট শেষ করে দিল।
১৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ব্যাট করার সময় এই চোট পান মাত্রে। এরপর চিকিৎসা ও পরীক্ষার পর জানা যায়, পুরোপুরি সেরে উঠতে তাঁর প্রায় ৬ থেকে ১২ সপ্তাহ সময় লাগবে। ফলে চলতি আইপিএলেই আর মাঠে ফেরা সম্ভব নয় তাঁর।
চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আয়ুষ মাত্রে হ্যামস্ট্রিং চোটের কারণে বাকি মরশুম থেকে ছিটকে গিয়েছেন। তাঁর পুনর্বাসনে দীর্ঘ সময় লাগবে। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।’
এই মরশুমে আয়ূষ ছিলেন দলের অন্যতম ভরসা। মাত্র ছয়টি ম্যাচ খেলেই তিনি ২০১ রান করেছেন, দুইটি অর্ধশতরান-সহ তাঁর স্ট্রাইক রেট ছিল ১৭৭-এর বেশি, যা তাঁকে টুর্নামেন্টের সবচেয়ে ভয়ংকর তরুণ ওপেনারদের একজন হিসাবে প্রতিষ্ঠা করেছে। এমনকি এই মরশুমে চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনিই।
তাঁর ছিটকে যাওয়া স্বাভাবিকভাবেই চেন্নাইয়ের টপ অর্ডারে বড় শূন্যতা তৈরি করল। এখন প্রশ্ন— কে পূরণ করবেন এই জায়গা? দলের ভেতর থেকে সবচেয়ে সম্ভাব্য নাম উরভিল প্যাটেল। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত তিনি এবং দ্রুত রান তোলার ক্ষমতা রয়েছে তাঁর মধ্যে। অন্যদিকে কার্তিক শর্মার মতো তরুণ ক্রিকেটারকেও ভাবনায় রাখা হতে পারে, যদিও তাঁর ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন আছে।
তবে ফ্র্যাঞ্চাইজি বাইরের বিকল্প খোঁজে, তাহলে অভিজ্ঞ অনমোলপ্রীত সিং বা প্রাক্তন অনূর্ধ্ব-১৯ অধিনায়ক যশ ঢুল হতে পারেন নিরাপদ বিকল্প। আবার তরুণ শক্তি হিসাবে স্বস্তিক চিকারা পাওয়ার প্লে-তে ঝড় তোলার মতো ক্ষমতা দেখাতে পারেন।
সব মিলিয়ে আয়ূষ মাত্রের অনুপস্থিতি চেন্নাইয়ের ব্যাটিং পরিকল্পনায় বড় ধাক্কা। এখন দেখার বিষয়, দল কীভাবে এই শূন্যতা পূরণ করে ঘুরে দাঁড়ায়।





