দেশ

হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগ যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, নদীতে পড়ল বাস

জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগের উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি।

Truth of Bengal: উত্তরাখণ্ডের ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা। সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গড়িয়ে নদীতে পড়ে যায় যাত্রীবোঝাই বাস। প্রায় ১০০ মিটার গড়িয়ে নদীতে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগের উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়ের গুলার এলাকার কাছে একটি সেতু পার হওয়ার সময় ঘটে দুর্ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। বাসের ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে ঋষিকেশ এইমসে পাঠানো হয়েছে। অন্তত ২৬ জন সেখানে চিকিৎসাধীন। কেউ নদীতে তলিয়ে গিয়েছেন কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।

দুর্ঘটনাগ্রস্ত বাসে কলকাতার কয়েকজন বাসিন্দাও ছিলেন বলে জানা গিয়েছে। তবে বাংলার মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। আহতদের অধিকাংশই ঝাড়খণ্ডের বাসিন্দা। এছাড়াও বিহার, অসম, দিল্লি, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের কয়েকজন যাত্রী দুর্ঘটনার কবলে পড়েছেন। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানিয়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী।